২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শরবতখালী ফাঁড়িতে ২ বাঘের গর্জন, আতঙ্কে বনরক্ষীরা

এর আগেও এই ফাঁড়িতে তিনটি বাঘ দেখেছিলেন বনবিভাগের কর্মীরা।

এবার শরবতখালী ফাঁড়িতে ২ বাঘের গর্জন, আতঙ্কে বনরক্ষীরা

সুন্দরবনের খুলনা রেঞ্জের শরবতখালী টহল ফাঁড়িতে বাঘের ছাপ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2023, 08:05 PM

Updated : 06 Feb 2023, 08:05 PM

এবার সুন্দরবনের খুলনা রেঞ্জের শরবতখালী বনবিভাগের টহল ফাঁড়ি চত্বরে রাতভর দুই বাঘের গর্জন শুনেছেন বনরক্ষীরা; এতে তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার রাতভর বাঘ দুটি ফাঁড়ির আশপাশে অবস্থান নিয়ে ঘোরাফেরা করে। সোমবার সকালে উঠে চার বনরক্ষী ফাঁড়ির ঘরের পাশে বাঘের ছাপ দেখতে পান।   

এসব তথ্য জানিয়ে শরবতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান বলেন, “সারারাত বাঘ দুটি গর্জ করেছে। আতঙ্কে চারজন বনরক্ষীর কেউ ঘুমাতে পারেননি। সকালে ভয়ে ভয়ে বের হয়ে দেখি, ঘরের পাশে দুটি বাঘের পায়ের ছাপ।”

এর আগেও একদিন টহল ফাঁড়ির একজন বনরক্ষী রাতে টয়লেটে যাওয়ার জন্য বের হয়ে পুকুরপাড়ের কাছাকাছি টর্চের আলোতে বাঘ দেখতে পান।

পরদিন তিনটি বাঘকে ফাঁড়ির আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখেন বনরক্ষীরা। বাঘগুলো কখনো অফিসের আশপাশে, কখনো নদীর তীরে অবস্থান করছিল।

শুক্রবার দুপুর থেকে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর টহল ফাঁড়ি প্রায় ২০ ঘণ্টা ‘দখলে’ রেখেছিল তিনটি বাঘ।

খুলনার বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, “সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো চলাচল করছে। বনরক্ষীরা সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি লক্ষ্য করছেন।“