ময়মনসিংহে ‘৪৭ লাখ টাকার সুপারি ডাকাতি’, গ্রেপ্তার ৪
পিবিআই জানায়, চলতি বছরের ৫ মার্চ তারা মামলাটি তদন্তের দায়িত্ব পায়।
ময়মনসিংহে ট্রাকসহ ৪৭ লাখ টাকার সুপারি ডাকাতি মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার দুপুরে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার সংবাদ সম্মেলনে জানান, প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বাগেরহাটের শুভ শেখ (২৪), পটুয়াখালীর মো. বাপ্পি (৩০), রিগান খান (২৬), চাঁদপুরের মো. মামুন প্রধান (৪০)।
পিবিআই বলছে, পরে আদালতে তোলা হলে গ্রেপ্তাররা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার নথির বরাতে পুলিশ সুপার রকিবুল আক্তার আরও জানান, নেত্রকোণার দূর্গাপুর উপজেলার ব্যবসায়ী অনুকূল পাল ভোলার বোরহানউদ্দিন উপজেলার ব্যবসায়ী মো. মনিরের কাছ থেকে সুপারি কেনেন। সেই সুপারি গত বছরের ২৩ সেপ্টেম্বর মেসার্স জুলেখা ট্রান্সপোর্টের মাধ্যমে সরবরাহ করতে গিয়ে ডাকাত দলের খপ্পরে পড়ে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের হারুয়া এলাকায় ট্রাক ভর্তি ৪৭ লাখ টাকার সুপারি ডাকাতি হয়। প্রাইভেকটারে আসা ছয় ডাকাত রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকটিকে থামায়। ট্রাকে চালক ছাড়া আর কেউ ছিল না।
পিবিআইয়ের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ডাকাতরা ট্রাকে উঠে অস্ত্রের ভয় দেখিয়ে রশি দিয়ে চালকের হাত-পা ও গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে ফেলে। নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাক ঘুরিয়ে কিশোরগঞ্জের ভৈরব হাজী হাসমত আলী কলেজের কাছে চালক বাবুলকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে দিয়ে ট্রাক নিয়ে যায়।
ঘটনার পর দিন জুলেখা ট্রান্সপোর্টের মালিক কামাল হোসেন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ নারায়ণগঞ্জ থেকে ট্রাকটি উদ্ধার করে।
কিন্তু থানা ও ডিবি পুলিশ ঘটনার রহস্য উন্মোচন করতে না পারলে চলতি বছরের ৫ মার্চ মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
গত ২ এপ্রিল পিবিআই প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে শুভ শেখ নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে। ট্রাকচালকের মোবাইলসহ নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তারের পর মো. বাপ্পি (৩০), রিগান খান (২৬) ও মো. মামুন প্রধানকে (৪০) গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহার করা প্রাইভেট কারটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে জব্দ করা হয়।
গ্রেপ্তাররা সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় থেকে অপরাধমূলক কাজ করতেন বলে পিবিআই জানায়।
পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার আরও বলেন, “এটি বেশ চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। এতে মোট ছয় ডাকাত অংশ নেয়। চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে; অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”
