২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিখিত আশ্বাসে অবস্থান ছাড়লেন জাবির প্রত্যয়

নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো করা না হলে পদত্যাগ করবেন বলে লিখিত আশ্বাস দিয়েছেন হল প্রাধ্যক্ষ।

লিখিত আশ্বাসে অবস্থান ছাড়লেন জাবির প্রত্যয়

হাতে স্যালাইন নিয়েই মীর মশাররফ হোসেন হল অফিসের সামনে ফের অবস্থান নিয়েছিলেন সামিউল ইসলাম প্রত্যয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2023, 01:29 PM

Updated : 08 Jun 2023, 01:29 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অছাত্রদের হল থেকে বের করাসহ তিন দফা দাবি আদায়ে অবস্থান করা শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয় কর্তৃপক্ষের লিখিত আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি থেকে সরে এসেছেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ সাব্বির আলম নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যয়ের দাবিগুলো মেনে নেওয়ার লিখিত আশ্বাস দেন এবং প্রত্যয়কে হলে ফিরে যাওয়ার জন্য বলেন। 

প্রাধ্যক্ষের স্বাক্ষরিত আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল অফিসের সামনে থেকে অবস্থান ছাড়েন প্রত্যয়। 

প্রাধ্যক্ষ সাব্বির আলমের লিখিত আশ্বাসের মধ্যে ছিল- হলের সকল কক্ষের শিক্ষার্থীদের আসন সংখ্যার হিসাব তালিকা তৈরি করা, হলের যে কক্ষগুলো ফাঁকা ১৫ দিনের মধ্যে প্রশাসনিকভাবে সেগুলো সিলগালা করা হবে, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের আসনগুলোতে বৈধ শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়া হবে, আগামী ত্রিশ দিনের মধ্যে  মেয়াদোত্তীর্ণ সকল শিক্ষার্থীকে হল ত্যাগে বাধ্য করা হবে এবং প্রত্যেকটা কাজের আপডেট দেওয়া হবে। 

এ ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো করা না হলে হল প্রাধ্যক্ষ পদত্যাগ করবেন বলেও লিখিত আশ্বাস দেওয়া হয়েছে। 

এর আগে হল থেকে গণরুম বিলুপ্তি করা, অছাত্রদের বের করা ও মিনি গণরুমে অবস্থান করা বৈধ ছাত্রদের আসন নিশ্চিত করা- এই তিন দাবিতে গত ৩১ মে রাত থেকে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র প্রত্যয়। 

এর মধ্যে মঙ্গলবার রাতে হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধরের পর জোর করে তাকে অ্যাম্বুলেন্সে তুলে মেডিকেল সেন্টারে পাঠিয়ে দিয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি।

পরে তিন দফা দাবি আদায়ে ‘অটল থাকা’র সিদ্ধান্ত জানিয়ে বুধবার রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল অফিসের সামনে পুনরায় অবস্থান শুরু করেন তিনি।

আরও পড়ুন

পুরনো খবর:

দাবি আদায়ে ফের অবস্থানে জাবির প্রত্যয়
জাবিতে অবস্থানরত শিক্ষার্থীকে মারধর করে সরিয়ে দেওয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
জাবি ছাত্রের অবস্থান কর্মসূচির ৯৬ ঘণ্টা, শিক্ষকদের সংহতি
রাতে উপাচার্যের সাক্ষাৎ-আশ্বাস, তবুও অনড় জাবি শিক্ষার্থী
এবার উপাচার্যের বাসভবনে জাবি শিক্ষার্থীদের অবস্থান
জাবির হল থেকে অছাত্রদের বের করার দাবিতে শিক্ষার্থীর অবস্থান