২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শিশু হত্যায় ২ জনের ফাঁসির আদেশ

একজনকে যাবজ্জীবন কারাদণ্ডও দিয়েছে আদালত।

বগুড়ায় শিশু হত্যায় ২ জনের ফাঁসির আদেশ

রায় ঘোষণার সময় এক আসামি আদালতে হাজির থাকলেও দুজন পলাতক আছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 04:44 PM

Updated : 13 Feb 2023, 04:44 PM

বগুড়ার শাজাহানপুরে শিশুকে হত্যা করে লাশ গুমের মামলায় দু’জনের প্রাণদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩ এর বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহুরুল ইসলাম জানান। 

এ ছাড়া ফাঁসির আসামিদের ৫০ হাজার টাকা করে এবং যাবজ্জীবনপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যা না দিলে দোষীদের আরও এক মাস করে বিনাশ্রম কারাবাসে থাকতে হবে।

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন- শাজাহানপুরের ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আব্দুল খালেক এবং চুপিনগর দক্ষিণ পাড়ার আব্দুল মাজেদ। জামিনে ছাড়া পেয়ে এরা দুজন পলাতক।

যাবজ্জীবন সাজা পাওয়া একই গ্রামের আব্দুর রাজ্জাক রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১১ সালের ২৩ অগাস্ট শাজাহানপুরের চুপিনগর এলাকার মাহবুর রহমানের ৫ বছর বয়সী ছেলেকে হত্যা পর লাশ গুম করেন আসামিরা। এর পাঁচদিন পর একই এলাকার খলিল নামের একজনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

সেদিনই শিশুটির বাবা শাজাহানপুর থানার ওই তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জহুরুল ইসলাম জানান, শিশুটির দাদার নির্বাচনকে কেন্দ্র করে আসামি খালেক ও মাজেদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছিল। এ ছাড়া নিহতের পরিবারের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধও ছিল। 

এসবের প্রতিশোধ নিতে আব্দুল খালেক ও আব্দুল মাজেদ শিশুটিকে হত্যার পরিকল্পনা করেন।

টাকার বিনিময়ে আব্দুর রাজ্জাক শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে আসেন। খালেক ও মাজেদ শ্বাসরোধে হত্যা করেন।

পরে লাশ এলাকার এক প্রতিবেশির বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর গুম করে রাখেন।

শিশুটি নিখোঁজের পর খালেকের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এক পর্যায়ে হত্যার বিষয়টি স্বীকার করে মাজেদ ও রাজ্জাকের সম্পৃক্ততা কথা জানান খালেক।

পরে তার দেওয়া তথ্যে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

আইনজীবী জহুরুল ইসলাম আরও বলেন, “আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে হত্যার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন। পরে জামিন পেয়ে খালেক-মাজেদ পলাতক হন।”