নির্বাচনী ইশতেহারে 'পার্বত্য চুক্তি' বাস্তবায়নে অঙ্গীকার চাই: জনসংহতি সমিতি
সমাবেশ থেকে চুক্তির আলোকে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি কার্যকর রাখাসহ ৬ দফা দাবি রাখা হয়েছে।
নির্বাচনী ইশতেহারে 'পার্বত্য চট্টগ্রাম চুক্তি' বাস্তবায়নে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সুস্পষ্ট অঙ্গীকার করা না হলে পার্বত্যবাসী বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জনসংহতি সমিতির নেতারা।
"পার্বত্য চট্টগ্রাম চুক্তি'কে জুম্ম জনগণের শাসনতান্ত্রিক 'রক্ষাকবচ' বলেও মন্তব্য করেছেন জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সভাপতি বিমল চাকমা।
তিনি বলেন, " চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য অঞ্চলের সমস্যা 'জটিল থেকে জটিলতর’ হয়ে উঠছে।সরকারের দ্বাদশ সংসদ নির্বাচনের ইশতেহারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট কোনো অঙ্গীকার না থাকলে পার্বত্যবাসী বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।”
পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্য নিয়ে ২৬ বছর আগে যে শান্তি চুক্তি হয়েছিল, তা এই পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার জন্য সরকারকে দায়ী করেন জনসংহতি সমিতির নেতারা।
চুক্তির প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার সকালে খাগড়াছড়ির কমলছড়ি হাইস্কুল মাঠে জনসংহতি সমিতির সমাবেশ থেকে ক্ষোভ প্রকাশ করে নেতারা এসব কথা বলেছেন। এর আগে বৌদ্ধ মিশন প্রাঙ্গণ থেকে দলের শোভাযাত্রা বের হয়।
সমাবেশে বিমল চাকমা বলেন, "পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরকারী আওয়ামী লীগ সরকার ২০০৯ থেকে টানা ১৫ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। চুক্তি বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্বও বটে।"
২০০৯ সালের নির্বাচনী ইশতেহারে চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার থাকলেও এই দীর্ঘ সময়ে সরকার এই কাজে এগিয়ে আসেনি বলেও অভিযোগ করেন বিমল চাকমা।
তিনি বলেন, "ব্যর্থতাকে ধামাচাপা দিতে বর্তমান সরকার ১৫ বছর ধরে এই মর্মে অসত্য ও মনগড়া তথ্য প্রচার করে আসছে যে, চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা সম্পূর্ণ বাস্তবায়িত ও ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে এবং ৯টি ধারার বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।
"পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এ বিষয়ে বক্তব্য হচ্ছে পার্বত্য চুক্তির ৭২টি ধারার মধ্যে মাত্র ২৫টি ধারা বাস্তবায়িত হয়েছে। ১৮টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে। অবশিষ্ট ২৯টি ধারা সম্পূর্ণভাবে অবাস্তবায়িত অবস্থায় রয়েছে এবং সরকার এসব ধারা অব্যাহতভাবে লঙ্ঘন করেই চলেছে। “
সংগঠনের সাধারণ সম্পাদক অংশুমান চাকমা বলেন, "পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, নাজুক ও গভীর সংকটের মধ্যে রয়েছে। ২০১৪ সাল থেকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া বন্ধ রয়েছে। সরকার কেবল চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া বন্ধ রাখেনি, তার সাথে চুক্তিকে নানাভাবে পদদলিত করে চলেছে।...।"
জেএসএস (এমএন লারমা) এর সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরার অভিযোগ, চুক্তি অনুযায়ী পার্বত্যাঞ্চলে ভূমি বিরোধ নিষ্পত্তি করা হয়নি।
"বরং অবাধে ভূমি বেদখল, ভূমি থেকে উচ্ছেদ ও বিতাড়ণে উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিলাসবহুল পর্যটনকেন্দ্র ও বিনোদন পার্ক নির্মাণের নামে হাজার হাজার একর ভূমি ও পাহাড় বেদখল ও অধিগ্রহণ করা হচ্ছে। জুম্ম জনগণের অস্তিত্ব চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য কর্তৃপক্ষ পার্বত্য চুক্তি পরিপন্থী ও জুম্ম স্বার্থ বিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন করে চলছে। ফলে জুম্ম জনগণ নিরাপত্তাহীন ও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।”
সমাবেশ থেকে চুক্তির আলোকে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি কার্যকর রাখা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে সাধারণ প্রশাসন, স্থানীয় পুলিশ, ভূমি ও ভূমিব্যবস্থাপনা, উপজাতীয় আইন ও সামাজিক বিচার কার্যাবলী ও ক্ষমতা নির্বাহী আদেশের মাধ্যমে হস্তান্তর করাসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান হয়।
সমাবেশে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা যোগ দেন। উদযাপন কমিটির আহ্বায়ক আরাধ্য পাল খীসার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসএস এর খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শোভা কুমার চাকমা, রাঙামাটি জেলার সভাপতি বিমলেশ্বর চাকমা, রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক জুপিটার চাকমাসহ আরও অনেকে।
