কাছাকাছি আসছে তিন দ্বীপ, গড়ছে বড় ভূখণ্ড!
সাড়ে তিন দশকে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ ও ভাসানচর— তিন দ্বীপের একীভূত হওয়ার কথা উঠে এসেছে গবেষণায়।
নিয়মিত ভাঙনের মধ্যে মেঘনার মোহনায় পলি জমে দৃশ্যমান হচ্ছে নতুন নতুন চর।
এরমধ্যে মোহনায় বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকা তিন দ্বীপ— ভাসানচর, স্বর্ণদ্বীপ ও সন্দ্বীপ রূপ নিচ্ছে ‘অবিচ্ছিন্ন ভূখণ্ডে’।
সাড়ে তিন দশকের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে এ তথ্য দিচ্ছেন একদল গবেষক, যার নেতৃত্বে আছেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সদস্য (প্রযুক্তি) ড. মো. মাহমুদুর রহমান।
গত অক্টোবরের প্রথম সপ্তাহে গবেষণা নিবন্ধ ছাপা হয় ‘জার্নাল অব কোস্টাল কনজারভেশন’ সাময়িকীতে। গবেষণার শিরোনাম দেওয়া হয়েছে, ‘মনিটরিং দ্য ডায়নামিক ল্যান্ডফর্মস ইন দ্য মেঘনা এসচুয়ারাইন আইল্যান্ডস’।
গবেষণার অংশ হিসেবে ১৯৮৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সাড়ে তিন দশকে ভূমিগঠনের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করা হয়।
সেই বিশ্লেষণের ফল তুল ধরে মাহমুদুর রহমান বলেন, “আমরা ২০১৮ সালের দিক থেকে কাজ শুরু করি। তখন নজরে আসে যে তিনটা চর মিশে যাচ্ছে। ২০২৫-২৬ সালে এসে দেখি সত্যিই ভেতরের চ্যানেলগুলো মিনিমাম পর্যায়ে চলে এসেছে এবং কন্টিনিউয়াস ল্যান্ডফর্মে রূপ নিয়েছে।”
তিনি বলেন, “বঙ্গোপসাগরে তিনটা চর একসঙ্গে হয়ে এরকম বড় ল্যান্ড ফরমেশন খুব কমন ঘটনা নয়। এটাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য ভালো বার্তা নিয়ে আসবে।
“গবেষণার মূল বার্তা এটাই— সন্দ্বীপের সঙ্গে স্বর্ণদ্বীপ (জাহাইজ্জার চর) ও ভাসানচর মার্জ হয়ে একটি বড় ল্যান্ডমাস (ভূখণ্ড) তৈরি করছে। আমাদের গবেষণায় উড়িরচরও আছে, তবে সেটা আলাদা। বলতে পারি, তিনটি দ্বীপ একসঙ্গে মিশে একটি বড় দ্বীপ তৈরি করছে।”
বিশেষজ্ঞরা যা বলছেন
বালি ও পলি জমে চর তৈরি হলেও স্থায়ী ভূখণ্ডে পরিণত হতে আরও এক থেকে দুই দশক বা দীর্ঘ সময় লাগার কথা বলছেন গবেষকরা। সঠিক ব্যবস্থাপনা বা ম্যানগ্রোভ বনায়ন না করা হলে জোয়ার-ভাটা বা সাইক্লোনের প্রভাবে এসব জমি আবার সাগরে বিলীন হওয়ার ঝুঁকি থাকে।
সহ-গবেষক সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রভাষক মো. শামীম রেজা সাইমুম বলেন, “সাধারণত জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় উপকূলের একটা অংশ ডুবে যাওয়ার কথা বলছি। আবার এখানে বিপরীত চিত্রও দেখতে পাচ্ছি। এত পরিমাণ পলি আসছে যে মোহনায় চরও জাগছে এবং এক সময় তা নতুন ভুখণ্ডেও রূপ নিচ্ছে।
“মূলত তিনটা চর চর জেগে উঠছে। কিন্তু তিনটা চর যে একীভূত হচ্ছে, ল্যান্ডফর্মগুলো একসঙ্গে হয়ে যাচ্ছে, এটা দেখাই ছিল আমাদের গবেষণার মূল উদ্দেশ্য। ভবিষ্যতে মার্জ হয়ে একটা মূল ল্যান্ডস্কেপে পরিণত হতে পারে।”
এ গবেষক বলেন, তিন দশকে এটা একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আরও দুয়েক দশক গেলে বলা যাবে, স্থিতিশীল অবস্থায় রয়েছে। একই রকমভাবে সুন্দরবনের দক্ষিণেও ডিমের চর জেগে উঠেছে, স্থায়ী রূপ নিতে সময় লাগবে।
বিশেষজ্ঞরা বলছেন, জেগে ওঠা এ মাটি প্রাথমিক ব্যবহারের পর্যায়ে রয়েছে। পুরোপুরি মাটিতে রূপ নিতে হাজার বছরও চলে যেতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, ব্যবহারযোগ্য হওয়ার প্রাথমিক পর্যায়ে থাকা এ মাটিকে ‘এন্টিসল’ বা ‘ইয়াং সয়েল’ বলা যায়।
তিনি বলেন, মৃত্তিকা শ্রেণিবিন্যাসে ১২ ধরনের সয়েল অর্ডার রয়েছে। মাটির স্তরে রূপ নিতে শত-হাজার বছর লাগতে পারে।
“নতুন জেগে উঠা চরের মাটি থাকে খুবই উর্বর। তাই এর যথাযথ ব্যবহার করে ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ রোপণ, বনায়নসহ নানা উদ্যোগ নিলে আগামীতে ভূমি সংরক্ষণে ভূমিকা রাখবে।”
বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম বলেন, পদ্মা-মেঘনা-যমুনা নদীব্যবস্থা দিয়ে প্রতিবছর প্রায় ১ বিলিয়ন টন পলি বঙ্গোপসাগরে পরিবাহিত হয়ে থাকে। পলি আসায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল একটি গতিশীল ও অগ্রসরমান বদ্বীপ হিসেবে কাজ করে। মেঘনা মোহনায় সন্দ্বীপের নিকটবর্তী এলাকায় নতুন চর জাগায় ভূমির প্রসারণ ঘটেছে।
“মেঘনা হয়েই মূলত পলি এসে বঙ্গোপসাগরে যাচ্ছে। এখানে একটা কোস্টাল ডাইনামিকস রয়েছে। সেডিমেন্ট বা পলি জমার মাধ্যমে নতুন চর তৈরি হলেও উপকূলীয় গতিশীলতার কারণে পলি পুনর্বিন্যস্ত হয়ে অনেক সময় চর আবার ডুবে যায়। সাম্প্রতিক সময়ে পলি আসার পরিমাণ তুলনামুলক কমছে, আগে যে পরিমাণ আসত, সেভাবে আসছে না। “
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে উপকূলীয় অনেক ভূমি হারাবে দেশ। সেক্ষেত্রে ভূমি ধরে রাখার লক্ষ্যে সমন্বিত কাযক্রম নেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, নতুন জেগে ওঠা চরে গাছ কাটা বন্ধ করে প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সৃষ্টি ও বনায়ন করা হলে তা স্থায়িত্ব পাবে; নতুন ভুমি বাড়বে। কক্সবাজারের সোনাদিয়ার মতো এলাকাগুলোতে ইকো-ট্যুরিজমের নতুন সম্ভাবনা তৈরি করবে।
গবেষণা ফল
গবেষক দলটি গেল ৬-৭ বছর ধরে গবেষণা চালিয়ে আসছেন। এ দলে মাহমুদুর রহমান ও শামীম রেজা সাইমুমের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম ও গবেষক মিলন কুমার শিউলি।
মেঘনা মোহনায় পলি জমে বরাবরই চর জেগে উঠছে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে গবেষণায় তিন থেকে সাড়ে তিন দশকের চিত্রই তুলে ধরা হয়েছে।
মাহমুদুর রহমান বলেন, “আমাদের ওখানে মূলত ভূমি গঠন হচ্ছে; ২০০০ সালের পর থেকে ওখানে বেশ পরিমাণ হয়েছে। যেমন সন্দ্বীপে ভাঙা-গড়া আছে— কিছু ভেঙেছে, কিছু গড়েছে। স্বর্ণদ্বীপ (জাহাইজ্জার চর) পুরোটাই শেষ ২৫ বছরের মধ্যে সৃষ্টি, বিশেষ করে ২০০০ সালের পর থেকে ফরমেশনের দিকে গেছে। আর ভাসানচর ২০১০ সালের পরে সৃষ্টি হয়েছে এবং এটাও এক্সপ্যান্ডিং ট্রেন্ডে আছে। এই তিনটা চর মিলে একসঙ্গে হয়ে যাচ্ছে; এখন আর আলাদা দেখা যায় না।”
তিনটি দ্বীপকে একটা ‘কন্টিনিউয়াস ল্যান্ডমাস’ বা অবিচ্ছিন্ন ভূখণ্ড হিসেবে দেখা যায় বলে জানান তিনি।।
তিনি বলেন, ইতোমধ্যে স্যাটেলাইট ইমেজ দিয়ে এ সংক্রান্ত স্টাডিগুলো করে সরকারকে জানানো হয়েছে। গেল বছরর রিপোর্ট দিয়ে অবহিত করা হয়েছে মেঘনা মোহনায় নতুন চর উঠছে এবং তিনটি চর একসঙ্গে মিশে বড় ল্যান্ডমাস তৈরি করছে।
গবেষণা নিবন্ধের সারসংক্ষেপ তুলে ধরে মো. শামীম রেজা সাইমুম বলেন, “গত সাড়ে তিন দশকে (১৯৮৯–২০২৫) মেঘনা মোহনায় চারটি দ্বীপের (সন্দ্বীপ, উরির চর, স্বর্ণদ্বীপ, ভাসানচর) আশপাশের অঞ্চলে ভাঙনের এর তুলনায় নতুন ভূমি গঠনের হার অনেক বেশি ছিল।
এই সময়ে মোট ৫৪৩ বর্গকিলোমিটার পলি জমে ভূমি হয়েছে। বিলীন হয়েছে মাত্র ৪৬ বর্গকিলোমিটার। এর ফলে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ ও ভাসানচরে একত্রিত হয়ে একটি বিশাল অবিচ্ছিন্ন ভূখণ্ড তৈরি করার প্রবণতা দেখা যাচ্ছে।”
গবেষণা প্রতিবেদন অনুযায়ী—
>> সন্দ্বীপে নিট ১০৫ বর্গকিলোমিটার ভূমি বেড়েছে।
>> স্বর্ণদ্বীপ ১৯৮৯ সালের ৫২ বর্গকিলোমিটার থেকে ২০২৫ সালে ২৬৬ বর্গকিলোমিটারে পৌঁছেছে।
>> ২০০৬ সালে জেগে ওঠা ভাসানচর ২০২৫ সালের মধ্যে ১৬৫ বর্গকিলোমিটার আয়তন লাভ করেছে।
>> উড়ির চরে নিট ৯১ বর্গকিলোমিটার ভূমি বৃদ্ধি পেয়েছে।
“এ গবেষণার উপাত্ত সরকারের উপকূলীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। এই নতুন ভূখণ্ড বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের মানুষের আবাসন ও কৃষিকাজের বড় সুযোগ দেবে। নতুন ভূমিকে স্থায়ী করতে ম্যানগ্রোভ বনায়ন ও সুরক্ষামূলক বাঁধ নির্মাণের সুপারিশ করা হয়েছে,” বলেন শামীম রেজা।
কয়েক দশকের ব্যবধানে ব্যবহারযোগ্য ভূমি বাড়ার সম্ভাবনার কথাও বলেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামসুল আলম বলেন, “বাংলাদেশের কোস্টাল ফ্রন্টিয়ারে নতুন আইল্যান্ড জাগবে। ল্যান্ড ফরমেশনের দিক থেকে এটা অত্যন্ত ডিনামিক ল্যান্ড ফ্রন্টিয়ার জোন। একদিকে ল্যান্ড কনসলিডেট হচ্ছে, অপরদিকে আবার ভেঙেও যাচ্ছে। আমাদের স্টাডি পিরিয়ডের মধ্যে আমরা যেটুকু অবজারভ করেছি, সেটা অবশ্যই উৎসাহব্যঞ্জক।”
এটা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে জেগে ওঠা ভূখণ্ড সমুদ্রে বিলীনও হয়ে যেতে পারে।
পাঁচ দশকে যমুনা, গঙ্গা ও পদ্মার পেটে কত ভূমি
আরেকটি সিঙ্গাপুর হতে পারে স্বর্ণদ্বীপ: রাষ্ট্রপতি
