২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ নারী নিহত

এ ঘটনায় আরও অন্তত ৩০ বাস যাত্রী আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 10:40 PM

Updated : 20 Oct 2023, 12:27 AM

কুমিল্লার দাউদকান্দিতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার জিংলাতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মহসিন মিয়া জানান।

নিহতরা হলেন- উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের প্রয়াত রশিদ হাজারীর স্ত্রী রোসিয়া বেগম (৬২), বারপাড়া গ্রামের প্রয়াত রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৬৫) এবং তার পুত্রবধূ সুমাইয়া আক্তার (২৫)।

তাদের মধ্যে রোসিয়া ও ফজিলাতুন্নেছা সম্পর্কে আপন বোন।

এ ঘটনায় আরও অন্তত ৩০ বাস যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী কে কে পরিবহনের যাত্রীবাহী একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফজিলাতুন্নেছা এবং রোসিয়া বেগম মারা যান।

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশার আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফজিলাতুন্নেছার ছেলের বউ সুমাইয়া আক্তার মারা যান। তিন জনের সবাই অটোরিকশা যাত্রী ছিলেন।

নিহতদের স্বজন রুহুল আমিন ও লোকমান হাজারী জানান, ফজিলাতুন্নেছার ছেলে আব্দুল মান্নানের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় তিন স্বজনের মৃত্যু হয়।

উপপরিদর্শক মহসিন মিয়া জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়েছেন।