নারায়ণগঞ্জে তিন খুন
বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মাসুমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নারায়ণগঞ্জের বন্দর ও রূপগঞ্জ উপজেলায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে; পুলিশ বলছে, তিনজনই খুন হয়েছেন।
নিহতরা হলেন- বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের জহুরপুর গ্রামের আয়েশা আক্তার (৫০), একই উপজেলার মাসুম হাওলাদার (৩৬) এবং ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর গ্রামের আলাউদ্দিনের ছেলে রাশেদ মিয়া (২৫)।
বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সোমবার ভোরে বন্দর উপজেলার জহুরপুর এলাকার নিজ বাসা থেকে আয়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তার গলা, হাত ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের ছেলে মাজহারুল ইসলাম সজীব (৩০) ঘটনার পর থেকেই পলাতক।
আয়েশা বেগমের প্রতিবেশী দেলোয়ার হোসেন বলেন, “রোববার রাত আড়াইটার দিকে আয়েশা বেগমের চিৎকার-চেঁচামেচি শুনতে পাই। মা-ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে ভেবে বিষয়টি এড়িয়ে যাই। কিছুক্ষণ পরে আয়েশার আর্তনাদ শুনে ঘর থেকে বের হই। দরজা ধাক্কাধাক্কি করলে তার ছেলে সজীব দ্রুত পালিয়ে যায়। ভেতরে ঢুকে আয়েশার রক্তাক্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দেই।”
ওসি আবু বকর সিদ্দিক বলেন, স্বামীর সঙ্গে কয়েকবছর আগেই আয়েশার ডিভোর্স হয়েছে। ছেলেকে নিয়েই থাকতেন তিনি।
“স্থানীয়রা জানিয়েছেন, ছেলে মানসিক ভারসাম্যহীন। প্রায় সময় শেকল দিয়ে বেঁধে রাখতো তাকে। ঘটনার পর থেকেই ছেলে পলাতক। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।“
এদিকে সোমবার সকাল ১০টায় বন্দর উপজেলার কুশিয়ারা চন্ডিতলা কবরস্থানের পাশের খাল থেকে ভ্যানচালক মাসুম হাওলাদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শনিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় মাসুমের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে গতকাল রোববার রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মাসুমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। হত্যাকারী চিহ্নিত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
এ ছাড়া রোববার মধ্যরাতে রূপগঞ্জ উপজেলার আধুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ছুরিকাহত হন রাশেদ মিয়া নামে এক তরুণ।
আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানান জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন।
তারা হলেন- রূপগঞ্জের সাওঘাট এলাকার উজ্জ্বল, পঁচাইখা এলাকার শিশির ও ফাহিম।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, “আধুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় জ্বালানি তেলের দোকানে কাজ করতেন রাশেদ। তেল বিক্রির টাকা নিয়ে কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব ছিল তার। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।“
