মাগুরায় রাতে আঁধারে কৃষকের ‘২ বিঘা জমির লাউ গাছ কর্তন’
কৃষকের দাবি, এতে তার কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি সদর থানায় মামলা করবেন।
মাগুরা সদর উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের প্রায় দুই বিঘা জমির ফলন্ত লাউ গাছ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে পশ্চিম বাড়িওয়ালা গ্রামে এ ঘটনা বুধবার সকালে মাঠে গিয়ে দেখতে পান ক্ষেতের মালিক মোহন বিশ্বাস।
তার দাবি, এতে কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে তিনি সদর থানায় মামলা করবেন।
কৃষক মোহন আরও জানান, এ বছরই তিনি ওই জমিতে লাউ গাছগুলো লাগিয়েছেন; যা ফলন্ত অবস্থায় আছে। গত দুই মাস ধরে তিনি লাউ বিক্রি করছিলেন; আরও দুই মাস বিক্রি করতে পারতেন। কিন্তু শত্রুতাবশত কে বা কারা রাতের আঁধারে গাছগুলো কেটে দিয়েছে।
পাশের একটি মেহগনি বাগানে কিছু ব্যক্তি প্রতি রাতে জুয়ার আসর বসায় দাবি করে ওই কৃষক বলেন, সম্প্রতি পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েক জনকে আটক করে।
“জুয়াড়িদের ধারণা, আমিই থানায় খবর দিয়ে তাদের ধরিয়ে দিয়েছি; যা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি।”
এ কারণে জুয়াড়িদের একটি অংশ তার লাউ ক্ষেতে তাণ্ডব চালিয়েছেন দাবি করে মোহন বিশ্বাস আরও বলেন, তিনি জুয়াড়িদের বিরুদ্ধে মামলা করবেন।
মাগুরা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
