শৈলকুপায় ধানক্ষেতে কিশোরের পা কাটা গলিত লাশ
শৈলকুপার জাঙ্গালীয়া গ্রামের একটি ধানক্ষেতে এই অর্ধগলিত লাশ পাওয়া যায়।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাঁচ দিন আগে নিখোঁজ এক কিশোরের অর্ধ-গলিত লাশ পাওয়া গেছে, যার দুটি পা কাটা ছিল বলে পুলিশ জানিয়েছে।
কাচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামেরে একটি ধানক্ষেত থেকে শনিবার তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হৃদয় হোসেন (১৬) জাঙ্গালীয়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
কাচেরকোল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সেলিম আকতার জানান, ধানক্ষেতের ভিতরে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
“পাঁচ দিন আগে মা-বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হন হৃদয়; এরপর থেকেই নিখোঁজ ছিলেন।”
শৈলকুপায় থানার ওসি আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার দুটি পা কাটা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
