ঘরে বসেই ‘সার্ফ এক্সেল’ বানাতেন কামাল
পাঁচ বস্তা সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডারের নকল মোড়ক জব্দ করা হয়।
কুমিল্লা নগরীতে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে নকল ডিটারজেন্ট পাউডার তৈরি করা এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে নগরীর হযরতপাড়া এলাকায় এক অভিযান চালানো হয় বলে ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান।
তিনি জানান, কামাল হোসেন নামের ওই ব্যক্তি ঘরে বসেই ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি করতেন নকল সার্ফ এক্সেল। শুধু তা-ই নয়, বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে চা পাতা মোড়কজাত করে আসল হিসেবে বাজারজাত করতেন কামাল।
“কামালকে সতর্ক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়েছে।”
আছাদুল ইসলাম আরও জানান, কামাল ওই এলাকার একটি বাসার নিচতলা ভাড়া নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল পণ্য প্রস্তুত করছিলেন। সেগুলো কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বাজারজাত করেন।
“অভিযানে পাঁচ বস্তা নকল সার্ফ এক্সেল ডিটারজেন্ট’র পাউডার ও বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের তিন বস্তা নকল মোড়ক জব্দ করে সেখানেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।”
ভোক্তা অধিকার কর্মকর্তা জানান, অভিযানে আরও দেখা যায়- ওই ব্যক্তি সামিয়া ব্ল্যাক-টি নামের একটি পণ্যের অনুমোদন নিয়ে প্রচলিত নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের নামে চা পাতা মোড়কজাত করছেন। যদিও তার অনুমোদনের সময় শেষ হয়েছে গত জুন মাসে।
“পাশাপাশি সিলেটের গোল্ড টি, ঢাকার ভাই ভাই কোম্পানির মিয়াজিপুর টি, শাহজালাল কোম্পানির কোয়ালিটি টি, রাজশাহীর সংগ্রাম সুপার টি নামে বিভিন্ন ব্র্যান্ডের নকল চা পাতা মোড়কজাত করে বিপণন করতেন।”
জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলে ভোক্তা অধিকারের এ কর্মকর্তা জানান।
