নরসিংদীতে নকল স্টিকারে বিড়ি তৈরি, আটক ২
২১ লাখের বেশি নকল স্টিকার ও ৯০ হাজার বিড়ি জব্দ করা হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলায় নকল স্টিকার ব্যবহার করে বিড়ি তৈরির অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ২১ লাখের বেশি নকল স্টিকার ও ৯০ হাজার বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার কামরাবো বাজার এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।
আটকরা হলেন- ফরিদপুরের কোতোয়ালি থানার বাটি কানাইপুর এলাকার নেপাল দত্ত (৬৯) এবং শিবপুরের কামরাবো এলাকার মো. রকিব (২৫)।
ভ্রাম্যমাণ আদালত জানায়, কামরাবো এলাকার কয়েকটি বিড়ি কারখানায় নকল স্টিকার ব্যবহার করে বিড়ি তৈরি করা হচ্ছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। নেপাল দত্তের মাধ্যমে এসব নকল স্টিকার সরবরাহ করা হতো বলে প্রাথমিকভাবে জানতে পারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর-এনএসআই।
এরপর এনএসআই ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ৮৬৬ বান্ডিল নকল স্টিকার জব্দ করা হয়। প্রতি বান্ডিলে দুই হাজার ৫০০টি করে মোট ২১ লাখ ৬৫ হাজার স্টিকার ছিল। এসব স্টিকারের আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ৯০ হাজার নকল বিড়ি জব্দ করা হয়, যার মূল্য প্রায় ১৮ হাজার ৩০০ টাকা।
শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, জব্দ করা নকল স্টিকার ও বিড়ি এবং আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
