‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা নকল ‘ডাবল এ’ কাগজ জব্দ নয়াবাজারে
সিআইআইডির দাবি, কাগজগুলো বাংলাদেশে তৈরি হলেও তাতে ‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা ছিল।
পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নকল ৪৪৪ রিম কাগজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
মঙ্গলবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) সহায়তায় এ অভিযান চালানো হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে দুটি দোকানে ‘ডাবল এ’ ব্র্যান্ড নাম ও ‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা কাগজ পাওয়া যায়। এক দোকান থেকে ১৮৪ রিম এবং দ্বিতীয় দোকান থেকে ২৬০ রিম কাগজ জব্দ করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া বক্তব্য ও অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে অধিদপ্তর বলছে, কাগজগুলো বাংলাদেশে তৈরি হলেও বিদেশি ব্র্যান্ডের নাম ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল।
এ ধরনের নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে বলে ধারণা করছে অধিদপ্তর।
এসব প্রতিষ্ঠান শনাক্ত করে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান চালানো হবে বলে জানিয়েছে সিআইআইডি।
