মেহেরপুরে নকল বিড়ি পাচারের মামলায় তিনজনের ১৪ বছর কারাদণ্ড
এ মামলায় পুলিশ ৭ লাখ ৯৫ হাজার শলাকা নকল বিড়ি উদ্ধার করেছিল।
মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচারের মামলায় তিনজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক টোটন।
সাজাপ্রাপ্তরা হলেন- মেহেরপুর সদর উপজেলার জুগিন্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহীন আলম (৩৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের এলাহির ছেলে তহিদুল ইসলাম (৪২) এবং একই উপজেলার মোকলেসের ছেলে আরাফাত রহমান (২০)।
মামলার বরাতে পিপি বলেন, ২০২৫ সালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি পিকআপে করে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল লাগানো নকল আকিজ বিড়ি মেহেরপুরে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সাত লাখ ৯৫ হাজার শলাকা বিড়ি উদ্ধার করে। এ ঘটনায় ক্ষমতা আইনে মামলা হয়।
পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে সাজা দেন।
পিপি বলেন, আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
