২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জমির বিরোধে সংঘর্ষে নিহত বেড়ে ৪

সংঘর্ষের ঘটনায় ৭১ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে থানায়।

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 01:43 PM

Updated : 11 Jul 2023, 01:43 PM

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। 

উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে এক দিন আগের ওই সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চারজন। 

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল হক গান্দু নামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।

মনিরুল গোদাগাড়ী উপজেলার পাকড়ী গোরিসা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। আর রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৪৫), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়া গ্রামের প্রয়াত আলিমুদ্দিনের ছেলে মেহের আলী (৬৫) এবং তার বড়ভাই নাইমুল (৭০) সোমবার সংঘর্ষের পরপরই মারা যান। 

মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে চারজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি কামরুল জানান, উপজেলার ইয়াজপুর বিলে সোহেল রানা ছোটনের ১৪ বিঘা জমি আছে। মেহের আলী ও নাইমুল নামে দুই ভাই জমির বর্গাচাষি। জমিগুলো বেশ কিছুদিন ধরে নিজের দাবি করে আসছিলেন পাকড়ির আশিক আলী চাঁন মিয়া।

সোমবার সকালে তিনি লোকজন নিয়ে ওই জমি দখল করে চাষ করতে যান। এ সময় ছোটন তার লোকজন নিয়ে বাধা দিতে গেলে সংঘর্ষ বাঁধে। 

সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাদের ১০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন। পরে রাতে মারা যান আরেকজন।

পুরনো খবর:

রাজশাহীতে জমি নিয়ে ৩ খুন: ৭১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭
রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

ওই ঘটনায় সোমবার রাতে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা করেছেন নিহত সোহেল রানা ছোটনের ভাই মো. হৃদয়। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে আরও ৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। 

ওসি জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত এ মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন, ইউনুস আলী, রজব আলী, হায়দার আলী, আতাউর রহমান, মঞ্জুর রহমান, ওমর ফারুক ও আনারুল ইসলাম। 

তাদের মধ্যে পাঁচজনকে সোমবারই আদালতে তুলে জিজ্ঞাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। গ্রেপ্তার ইউনুস আলী ও রজব আলী পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।