রাজশাহীতে জমি নিয়ে ৩ খুন: ৭১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭
মামলায় ২১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৭১ জনকে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নে জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার রাতে নিহত সোহেল রানা ছোটনের ভাই মো. হৃদয় বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানান গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম।
তিনি জানান, মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন- মো. ইউনুস আলী, মো. রজব আলী, মো. হায়দার আলী, মো. আতাউর রহমান, মো. মঞ্জুর রহমান, মো. ওমর ফারুক ও মো. আনারুল ইসলাম।
সকালে মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৪৫), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মেহের আলী (৬৫) এবং তার বড় ভাই নাইমুল (৭০)।
আহত হলেন- ইউনুস আলী (২২), মো. আমু (২২), মো. রায়হান (৩৫), মনিরুল হক (৪৫), মো. সুলায়মান আলী (৫০) ও রজব আলী (৩৫)। তারা হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, ইয়াজপুর বিলে সোহেল রানা ছোটনের ১৪ বিঘা জমি রয়েছে। মেহের আলী ও নাইমুল দুই ভাই জমিগুলো বর্গা চাষ করেন। ওই জমিগুলো বেশ কিছুদিন থেকে নিজের দাবি করে আসছেন পাকড়ি গ্রামের আশিক আলী চাঁন। সকালে চাঁন তার দল-বল নিয়ে ওই জমি দখল করে চাষ করতে যান। এ সময় তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বাঁধে।
নিহত মেহের আলী ও নাইমুল আলীর ছোট ভাই আনিসুর রহমান বলেন, “আশিক আলী চাঁন জমিগুলো নিজের দাবি করে আসছিল। তিনি বিএমডিএতে চাকরি করেন। তিনি জমি দখল করার জন্য লোকজনকে ভাড়া করে নিয়ে যান।
“তারা তিনজনকে পিটিয়ে হত্যা করে। যারা উদ্ধার করতে যায় তাদেরও তারা পিটিয়ে জখম করে।”
