২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

এতে আহত হয়েছেন আরও অন্তত সাত জন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 02:04 PM

Updated : 10 Jul 2023, 02:04 PM

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিন জনের প্রাণ গেছে; আহত হয়েছেন অন্তত সাত জন। 

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান। 

নিহতরা হলেন: রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৪৫), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়া গ্রামের প্রয়াত আলিমুদ্দিনের ছেলে মেহের আলী (৬৫) ও তার বড়ভাই নাইমুল (৭০)।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি কামরুল জানান, উপজেলার ইয়াজপুর বিলে সোহেল রানা ছোটনের ১৪ বিঘা জমি আছে। মেহের আলী ও নাইমুল নামে দুই ভাই জমির বর্গাচাষি। জমিগুলো বেশ কিছুদিন ধরে নিজের দাবি করে আসছেন পাকড়ির আশিক আলী চাঁন মিয়া। 

“সকালে তিনি লোকজন নিয়ে ওই জমি দখল করে চাষ করতে যান। এ সময় ছোটন তার লোকজন নিয়ে বাধা দিতে গেলে সংঘর্ষ বাঁধে।” 

সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাদের ১০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।