২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরেও চালু হয়নি চাঁদপুরে ১৫০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র

সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলাকে দায়ী করলেন ‘সুজন’ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2023, 09:36 PM

Updated : 07 Dec 2023, 09:36 PM

নানা জটিলতায় চাঁদপুরের ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি এক বছর ধরে বন্ধ আছে।

২০২২ সালের ৬ ডিসেম্বর কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়। চলতি বছরের সেপ্টেম্বরে চালু হওয়ার কথা থাকলেও কয়েক দফার চেষ্টা তা চালু করতে পারেনি কর্তৃপক্ষ।

চালু না হওয়ার পেছনে নষ্ট যন্ত্রপাতি ক্রয়ের এলসি সংক্রান্ত জটিলাকে দায়ী করছেন বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ নূরুল আবছার।

২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রটি নির্মাণ করে চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

২০১২ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর ২০১৩ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

গ্যাসনির্ভর এই কেন্দ্রটির ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও প্রথম থেকে নিয়মিতভাবে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছিল। কিন্তু দিন দিন গ্যাসের সরবরাহ কমে যাওয়া ও বড় বড় যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ার কারণে কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

প্রকৌশলী নূরুল আবছার বলেন, “মূলত ২০২২ সালে ৬ ডিসেম্বর রক্ষাণাবেক্ষণ কাজের জন্য দুটি ইউনিট বন্ধ হয়। একটি ৫০, আরেকটি ১০০ মেগাওয়াট।

১০০ মেগাওয়াটের ইউনিটটি সংস্কার ও রক্ষাণাবেক্ষণের পর চলতি বছরের ৭ ফেব্রুয়ারি চালু করার উদ্যোগ নিই। কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে একটি গ্যাস বুস্টার চালু না হওয়ায় আমরা আর চালু করতে পারিনি। বুস্টারটি আমরা দেশীয় লোকবল ও প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে চালুর চেষ্টা করি। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, এটি ভেতরগত ক্ষতি হয়েছে।”

নূরুল আবছার আরও বলেন, “আমরা সমস্যা সমাধান করার জন্য টেন্ডার প্রক্রিয়া গ্রহণ করে সম্পন্ন করি। আমাদের প্ল্যান ছিল, গ্যাস বুস্টারটি সংগ্রহের কাজ সম্পন্ন করে নভেম্বরের ১৫ তারিখ চালু করব। কিন্তু এলসি সংক্রান্ত জটিলতায় আমরা পিছিয়ে পড়ি।”

আর্থিক কার্যক্রমে সময় লাগায় পরিকল্পনা মত এগোনো যায়নি বলে দাবি তার।

“তবে বর্তমানে এলসি সংক্রান্ত কার্যক্রম সমাপ্ত হয়েছে। আমরা আশা করি, ডিসেম্বরের ২০/২১ তারিখ ১৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের মালামাল স্টোরে এসে পৌঁছবে।”

গ্যাস বুস্টারের কাজ শেষ করে আগামী বছরের মধ্য জানুয়ারিতে বিদ্যুৎ কেন্দ্রটি চালুর কথা জানান তিনি।

এদিকে, দীর্ঘদিন বিদ্যুৎ কেন্দ্রটির বন্ধ থাকা প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রহিম বাদশা বলেন, “সরকারের বিশাল অর্থের বিনিময়ে চাঁদপুরে এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয়। কিন্তু দুঃখজনক বিষয়, এটি এক বছর ধরে বন্ধ রয়েছে। আমি মনে করি, এটির জন্য সংশ্লিষ্ট যারা আছেন, তাদের দায়িত্বে চরম অবহেলা রয়েছে।”