২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৯ দোকানিকে জরিমানা

অভিযানের আগে এসব বাজারে প্রতি হালি ডিম ৫৫-৬০ টাকায় বিক্রি হলেও পরে ৪৮ টাকা হালিতে বিক্রি হতে দেখা যায়।

কুমিল্লায় ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৯ দোকানিকে জরিমানা

কুমিল্লার দুটি বাজারে অভিযান চালিয়ে ৯ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 05:51 PM

Updated : 17 Aug 2023, 05:51 PM

কুমিল্লা নগরীতে ডিমের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর; এ সময় ৯ দোকানিকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর চকবাজার ও নিউমার্কেট এলাকায় এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি বলেন, অভিযানের সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, অতিরিক্ত দামে ডিম বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখার মতো ভোক্তা অধিকারবিরোধী কাজের অভিযোগে ভোক্তা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা দণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এছাড়া ভোক্তা অধিকারের চালানো তদারকি অভিযানে আরও দু’টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় বলেও জানান মো. আছাদুল ইসলাম।

অভিযানের আগে এসব বাজারে প্রতি হালি ডিম ৫৫-৬০ টাকায় বিক্রি হলেও পরে ৪৮ টাকা হালিতে বিক্রি হতে দেখা যায়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।