২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় বাকপ্রতিবন্ধী নারীকে গলাকেটে হত্যা

ভোরে চিৎকার শুনে স্বজনরা গিয়ে তাকে গলা কাটা অব্স্থায় পান।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 12:54 PM

Updated : 24 Jul 2023, 12:54 PM

কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী এক নারীকে ছুরিকাঘাত ও গলাকেটে হত্যা করা হয়েছে। 

সোমবার ভোরে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস জানান। 

নিহত নাসিমা বেগম (৫২) ওই গ্রামের আলী আজগরের স্ত্রী। 

স্বজনরা জানান, ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন নাসিমা। এক পর্যায়ে চিৎকার শুনে স্বজনরা গিয়ে তার গলা কাটা এবং শরীরের একাধিক ছুরির আঘাত দেখতে পান। পরে তাকে উদ্ধার করে পাশের দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহতের স্বামী আলী আজগর জানান, রাতে তারা দুজন একসঙ্গেই ঘুমিয়ে ছিলেন। 

“ভোরে কখন সে বাইরে গেছে আমি বলতে পারব না।” 

নিহতের ছেলে হাসান মিয়া বলেন, “ভোর আনুমানিক সোয়া পাঁচটা বাজে। তখন আমি মায়ের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি- বাথরুমের পাশে মাটিতে পড়ে আছেন মা। তার গাল কাটা, পেটে ছুরিকাঘাত। 

“আমার মাকে যে বা যারা খুন করেছে আমি তাদের ফাঁসি চাই।” 

ওসি বলেন, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।