‘বাপ-দাদার জমিতে’ ইপিজেড করার ‘পাঁয়তারা’ বন্ধ চান সাঁওতালরা
অতিরিক্ত জেলা প্রশাসক তাদের দাবির বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানোর আশ্বাস দেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ-বাগদাফার্মে ‘বাপ-দাদার জমিতে’ ইপিজেড স্থাপনের পাঁয়তারা বন্ধের দাবিতে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন সাঁওতালরা।
বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।
এর আগে বাগদাফার্ম সংলগ্ন কয়েকটি গ্রাম থেকে সাঁওতাল-বাঙালিরা বাসে করে গাইবান্ধা শহরে আসেন।
পরে তারা শহরের সুখশান্তির বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে যান।
সাঁওতাল-বাঙালিদের প্রতিনিধিরা অতিরিক্ত জেলা প্রশাসক মশিউর রহমানের কাছে সাহেবগঞ্জ-বাগদাফার্মের জমিতে ইপিজেডের পরিকল্পনা বাতিলসহ বিভিন্ন দাবিযুক্ত একটি স্মারকলিপি দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তাদের দাবির বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানোর আশ্বাস দেন।
পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে বক্তব্য দেন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক আইনজীবী সিরাজুল ইসলাম বাবু, জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিচিত্রা তির্কী, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সদর উপজেলা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, আদিবাসী নেতা র্যাফেল হাসদা, সুফল হেমব্রম, প্রিসিলা মুরমু, সুচিত্রা মুরমু, মার্থিয়াস মার্ডি।
আইনজীবী সিরাজুল ইসলাম বাবু তার বক্তব্যে বলেন, “ইপিজেডের নামে সাঁওতালদের বাপ-দাদার জমি সাহেবগঞ্জ-বাগদাফার্মের ভেতরের তিন ফসলি জমি থেকে তাদের উচ্ছেদ করা যাবে না। শহীদ শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মারডির রক্তে ভেজা জমিতে ইপিজেড করা চলবে না।”
তিনি আরও বলেন, “সাহেবগঞ্জ-বাগদাফার্মের ১৮৪২.৩০ একর রিকুইজিশনকৃত জমি ১৯৪৮ সালের পূর্ববঙ্গ সম্পদ রিকুইজিশন আইন অনুযায়ী আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে।
“বিগত ২০১৬ সালের ৬ নভেম্বরের ঘটনায় ক্ষতিগ্রস্ত আদিবাসী এবং বাঙালিদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং স্থানীয় সন্ত্রাসীদের হয়রানি বন্ধ করতে হবে। আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, সাঁওতালদের ওপর আক্রমণ, গুলিবর্ষণ ও বাড়িঘরে লুটপাটের ঘটনায় জড়িত পুলিশসহ সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া পুলিশের গুলিতে নিহত ও আহত সাঁওতাল পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।”
ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বলেন, “সাঁওতালসহ বিভিন্ন জাতি গোষ্ঠীর ওপর নির্যাতন ও উচ্ছেদ প্রক্রিয়া অব্যাহত থাকলে তারা দেশান্তরে যেতে বাধ্য হবে। যা ভাষা, সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলবে। সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শূন্যতা ঠেকাতে তাদের প্রতি সহিংসতা, নির্যাতন ও উচ্ছেদ বন্ধ করতে হবে।”
২০১৬ সালের ৬ নভেম্বর সাহেবগঞ্জ বাগদাফার্মের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের দফায় দফায় সংঘর্ষ হয়।
এতে শ্যামল, মঙ্গল ও রমেশ নামে তিন সাঁওতাল মারা যান।
ঘটনার ২০ দিন পর নভেম্বর থোমাস হেমব্রম নামে একজন বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে মামলা করেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই তদন্ত করে ২০১৯ সালের ২৩ জুলাই মামলার চূড়ান্ত অভিযোগপত্র আদালতে জমা দেন।
কিন্তু ‘গুরুত্বপূর্ণ’ ১১ আসামিকে বাদ দিয়ে ৯০ জনের নামে অভিযোগপত্র দেওয়ার কারণে একই সালের ৪ সেপ্টেম্বর মামলার বাদী থোমাস হেমব্রম অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি দেন।
আদালত শুনানি শেষে বিষয়টির আরও তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে নির্দেশ দেয়।
২০২০ সালের ২ নভেম্বর সিআইডিও আদালতে ‘একই ধরনের’ অভিযোগপত্র দাখিলের কারণে মামলার বাদী ২০২১ সালের ৪ জানুয়ারি পুনরায় নারাজি দেন।
তখন থেকে নারাজির ওপর শুনানির তারিখ দফায় দফায় পেছাচ্ছে।
আরও পড়ুন
