‘চাঁদা না পেয়ে গলা কেটে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১
দাবি করা চাঁদার টাকা না পেয়ে ৩/৪ জন যুবক ব্লেড দিয়ে ওই ব্যক্তির গলা ও পুরুষাঙ্গে জখম করে পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ‘মাদকাসক্তের’ বিরুদ্ধে।
বুধবার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামে এ ঘটনা ঘটে; একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহত কলিম উদ্দিন (৬৫) গাইবান্ধা জেলার ইছামত এলাকার আইনুদ্দিনের ছেলে। তিনি সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের দানেশ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ১০-১২ বছর যাবত পাঁচবাড়িয়ার ভাড়া বাসা নিয়ে ভাঙ্গারি জিনিসপত্রের ব্যবসা করে আসছিলেন কলিমসহ গাইবান্ধার কয়েকজন। সারাদিন উপজেলার বিভিন্ন স্থানে ভ্যান গাড়ি নিয়ে পুরাতন জিনিসপত্র ক্রয় করে রাতে বাসায় ফিরেন।
তিনি জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে নিজের ভ্যান নিয়ে দক্ষিণ শাকতলা গ্রামে যান কলিম। দুপুরের দিকে নতুন বেপারী বাড়ির সামনে ৩/৪ জন ‘মাদকাসক্ত’ যুবক তার কাছে চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তারা ব্লেড দিয়ে কলিমের গলায় ও পুরুষাঙ্গে একাধিক জখম করে পালিয়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় কলিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে এসপি জানান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, আহত কলিমকে জরুরিভিত্তিতে অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি সার্জারি বিভাগে আছেন।
এসপি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মো. জুয়েল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল দক্ষিণ শাকতলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
