২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া ও নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ধুনট ও আড়াইহাজারে খেলার সময় দুই শিশু পুকুরে এবং ডোবায় পড়ে ডুবে যায়।

বগুড়া ও নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 10:13 PM

Updated : 11 Jul 2023, 10:13 PM

বগুড়া ও নারায়ণগঞ্জে পুকুরে এবং ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ধুনট উপজেলার পৌরসভার চরপাড়া গ্রাম এবং আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এবং আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- ধুনট উপজেলার চরপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে মাহিম ইসলাম (৩) এবং আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামে সাইফুল ইসলামের মেয়ে মোসা. শ্রাবন্তী আক্তার। শ্রাবন্তী স্থানীয় একটি কওমি মাদ্রাসায় পড়ত।

স্থানীয়দের বরাত দিয়ে ধুনট থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, শিশু মাহিম সকালের খাবার খেয়ে বাড়ি থেকে খেলার জন্য বের হয়। এক পর্যায়ে সকলের অগোচরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়।

দুপুরের দিকে ওই পুকুরে স্থানীয় লোকজন গোসল করতে নেমে মাহিমকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে স্বজনদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, দুপুরে বাড়ির সামনে একটি ডোবার পাশে খেলছিল শ্রাবন্তী। খেলতে খেলতে সে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার এক খেলার সঙ্গী এসে পরিবারের লোকজনকে জানায়।

পরে তারা ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।