জাবির মেয়াদোত্তীর্ণ পর্ষদে নির্বাচনের দাবি
৯৩ জন সিনেট সদস্যের মধ্যে ৮৩ জনেরেই মেয়াদ শেষ হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ সিনেট, সিন্ডিকেটসহ বিভিন্ন পর্ষদে নির্বাচনের দাবি উঠেছে।
শনিবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বিবৃতিতে বলা হয়, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সমুন্নত রাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ করে উপাচার্যের আইনগত দায়িত্ব ও নৈতিক কর্তব্য।
“কিন্তু দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ, ডিন ও অর্থ কমিটির মত গুরুত্বপূর্ণ পর্ষদ মেয়াদোত্তীর্ণ হয়েছে। তা সত্বেও নির্বাচনের কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
সবশেষ ২০১৬ সালের ৫ জুন সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয়। আর ডিন নির্বাচন হয়েছিল ২০১৬ সালের ১০ মে।
অধ্যাদেশের ২৫(৫) ধারা অনুযায়ী ডিনের মেয়াদ দুই বছর। সেই হিসেবে সব ডিন মেয়াদোত্তীর্ণ হয়েছেন সাড়ে চার বছর আগে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া আড়াই যুগ ধরে জাকসু ও হল সংসদ নির্বাচন না হওয়ায় সিনেটে ছাত্র প্রতিনিধির পাঁচটি পদ শূন্য রয়েছে।
৯৩ জন সিনেট সদস্যের বাকি ৮৮ জনের মধ্যে নির্বাচিত ও মনোনীত হয়ে আসা ৮৩ জনেরেই মেয়াদ শেষ হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
অন্যদিকে নয় সদস্যের অর্থ কমিটিতে পদাধিকার বলে মেয়াদে রয়েছেন উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত মেয়াদোত্তীর্ণ সব পর্ষদের নির্বাচন আয়োজন করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
