চাঁদপুর কারাগারে এক বন্দির মৃত্যু
কারাগার কর্তৃপক্ষ জানায়, ২৮ ডিসেম্বর হত্যা মামলায় তাকে কারাগারে নিয়ে আসা হয়।
চাঁদপুর জেলা কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে।
রোববার সকালে চাঁদপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন জানান।
মৃত বজলাল পাটিকর (৬২) কচুয়া উপজেলার করৈয়া গ্রামের বাসিন্দা।
জেলার মুহাম্মদ মুনীর বলেন, ২৮ ডিসেম্বর হত্যা মামলায় তাকে কারাগারে নিয়ে আসা হয়। তিনি আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
“সকালে তিনি অসুস্থ হলে কারাগারের স্বাস্থ্য সহকারী প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, “চাঁদপুর জেনারেল হাসপাতালে এসে আমি মরদেহ সরজমিনে পর্যবেক্ষণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু।“
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
