২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর-৩: নৌকার ২ নির্বাচনি ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ওসি শহিদুল ইসলাম বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।“

ফরিদপুর-৩: নৌকার ২ নির্বাচনি ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের নির্বাচনি অস্থায়ী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 03:26 PM

Updated : 29 Dec 2023, 03:26 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের দুইটি নির্বাচনি অস্থায়ী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধরেরও অভিযোগ করা হয়েছে। 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিব দাবি করেন, বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের শোভারামপুর ও সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দয়ারামপুর এলাকায় অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ করে চেয়ার, টেবিল ও পোস্টার পুড়িয়ে দেওয়া হয়েছে। 

তিনি জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে শুক্রবার সকালে ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি সম্বনয়কারী সোয়েবুল ইসলাম। 

তিনি বলেন, “কোনো উস্কানি ছাড়াই নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোফাজ্জল হোসেন সকালের দিকে লোকজন নিয়ে অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কয়েকজন কর্মীকে মারধর করে। এসময় তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। 

“হামলায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ১ নং কেন্দ্রের সদস্য সচিব এবং বয়োজ্যষ্ঠ কর্মী সিদ্দিক শেখ, আব্দুল আজিজ আহত হয়েছেন। ” 

এই অভিযোগেরে বিষয়ে জানতে হাজী মোফাজ্জল হোসেনের মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি শহিদুল ইসলাম এসব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “উভয় ঘটনাতেই পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছে। তবে আমার এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। “ 

ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। অন্যদিকে নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ। তিনি ঈগল প্রতীক নিয়ে লড়াই করছেন

প্রতীক বরাদ্দের পর থেকে এ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা একে অপরের ওপর হামলার অভিযোগ তুলছেন এবং তা বেড়েই চলেছে। 

গত কয়েক দিনে নৌকা ও স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীদের দাবি অনুযায়ী ২৫টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তোলা হয়েছে। 

পুরানো খবর

পুরনো খবর:

ফরিদপুর-৩: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৫
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুরে নৌকার সমর্থকদের উপর হামলা, আহত ২
ফরিদপুর-৩: স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ শামীমের
পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম