Published : 27 Dec 2023, 12:13 AM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধর ও নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকার এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।
হামলায় আহত স্বতন্ত্র প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ঝনককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ঈগল মার্কার এ কে আজাদ।
প্রত্যক্ষদর্শী আশরাফ হোসেন ও পরেশ চন্দ্র জানান, প্রতিদিনের মতো প্রচারণা শেষে করে তারা নির্বাচনি কার্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় পৌর কাউন্সিলর মোবারক খলিফার নেতৃত্বে প্রায় দেড় থেকে দুইশজন নৌকার স্লোগান দিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা নির্বাচনি কার্যালয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে।
হামলার অভিযোগ অস্বীকার করে পৌর কাউন্সিলর মোবারক খলিফা বলেন, “ওই নির্বাচনি কার্যালয়ের সামনে দিয়ে আমাদের গাড়িবহর যাচ্ছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন স্লোগান দিয়ে আমাদের গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
“পরে হয়ত পেছন থেকে পাল্টা ইট-পাটকেল ছোড়া হয়। তবে ওরা যে অভিযোগ দিচ্ছে সেটি সঠিক নয়।”
ফরিদপুর সদর কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতীক বরাদ্দের পর থেকে এ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা একে অপরের ওপর হামলার অভিযোগ তুলছেন।