২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

তিন দিন আগে ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় হওয়া মালায় সম্রাট এজাহারভুক্ত আসামি।

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন সম্রাট।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 09:06 PM

Updated : 27 Dec 2023, 09:06 PM

ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনি কার্যালয় ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সদর উপজেলার আলীয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলাম।

গ্রেপ্তার ৪৬ বছর বয়সি তোফাজ্জল হোসেন সম্রাট ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি নৌকার প্রার্থী শামীম হকের সমর্থক বলে এলাকায় পরিচিত।

পুলিশ জানায়, রোববার গেরদা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের গেরদা হাইস্কুল সংলগ্ন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ঈগল প্রতীকের সমর্থক ওই এলাকার বাসিন্দা মেহেদী হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় সম্রাটসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও সাত থেকে আটজনের বিরুদ্ধে মামলা করেন।

ওসি শহিদুল ইসলাম জানান, সম্রাটকে গ্রেপ্তার করতে মঙ্গলবার রাত থেকে র‌্যাব ও পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছিল। দুপুরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসহ সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

বিকালে সম্রাটকে আদালতে তোলা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি শহিদুল।