২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় নিহত স্কুলছাত্র, আহত যমজ ভাই

বুধবার স্কুলে তাদের আইসিটি পরীক্ষা ছিল; দুভাই সকালে নাস্তা করে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়।

কিশোরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় নিহত স্কুলছাত্র, আহত যমজ ভাই

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারি।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 08:43 PM

Updated : 15 Jun 2023, 02:19 PM

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাইকেল চালিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে; আহত হয়েছে তার যমজ ভাই।

বুধবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে উপজেলার কালিয়াচাপড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন জানান।

নিহত মোহাম্মদ হুসাইন (১৩) পাকুন্দিয়ার আদর্শ পাড়ার সোহেল মিয়ার ছেলে। আহত মোহাম্মদ হাসান (১৩) তার যমজ ভাই। তারা ওই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে যমজ দুই ভাই সাইকেল নিয়ে স্কুলের সামনে পৌঁছায়। এরপর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস তাদের সাইকেলকে ধাক্কা দেয়।

আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হুসাইনকে মৃত ঘোষণা করেন।

হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পুলিশের এই কর্মকর্তা জানান, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে।

নিহতের মা জেসমিন রেজা বলেন, “আজ স্কুলে তাদের আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য সকালে নাস্তা করে তারা দুজন স্কুলের উদ্দেশে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়।

“মোহাম্মদ হাসান সাইকেল চালাচ্ছিল; হুসাইন পেছনে বসা ছিল। কিছুক্ষণ পরে স্কুল থেকে ফোন আসে তারা এক্সিডেন্ট করেছে। শুনে আমরা হাসপাতালে ছুটে আসি।”