নাটোরে প্রাইভেট কার ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১, আহত ৪
প্রাইভেটকারটি ছিটকে ফিডার রোডে পড়ে ঘটনাস্থলেই যাত্রী আব্দুল করিম নিহত হয় এবং ড্রাইভার আহত হয়।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাইক্রোবাসের মুখোমুখি সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান।
নিহত আব্দুল করিম (৫০) ঢাকার আমিনবাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
ওসি হাবিবুর জানান, সকালে ঢাকাগামী প্রাইভেট কারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রবাসীদের বহনকারী নওগাঁগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে প্রাইভেটকারটি ছিটকে ফিডার রোডে পড়ে ঘটনাস্থলেই যাত্রী আব্দুল করিম নিহত হয় এবং তার গাড়ির ড্রাইভার আহত হয়।”
অপরদিকে মাইক্রোবাসটিও সড়কের পাশে পড়ে যায়। এতে আরও তিনজন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
