রাজশাহী থেকে ট্রেন ছাড়ল আড়াই ঘণ্টা পর
ট্রেনে অতিরিক্ত তিনটি কোচ সংযুক্ত করে পরিস্থতি সামাল দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের অবরোধ করা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন প্রায় আড়াই ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক অসীম কুমার তালুকদার জানান, বুধবার সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
ফিরতি টিকিট না পেয়ে ট্রেনে অতিরিক্ত বগি লাগানোর দাবিতে বিকাল ৪টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে পদ্মা এক্সপ্রেস অবরোধ করেন ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।
অসীম কুমার তালুকদার বলেন, ❝সবাই এই বিকালের ট্রেনেই ফিরতে চায়। এটা যৌক্তিক না অযৌক্তিক তা বোঝে না। শেষ পর্যন্ত ট্রেনে অতিরিক্ত তিনটি কোচ সংযুক্ত করে আন্দোলন করা পরীক্ষার্থীদের দুটি গ্রুপকে ৬টা ২৩ মিনিটে পাঠানো হয়েছে। আরেকটি গ্রুপ থাকল। রাতের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে তাদের পাঠানো হবে।❞
বুধবার বিকাল ৪টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন; এতে ট্রেনটি আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, অল্প সময়ের মধ্যে অনলাইনে টিকিট শেষ হয়ে যাওয়ায় তারা টিকিট কাটতে পারেননি।
অনেকে অনলাইনে টিকিট কাটলেও এক টিকিট অনেকের কাছে চড়া দামে বিক্রি করা হয়েছে এবং পর্যাপ্ত বগির ব্যবস্থা না করায় ভোগান্তিতে পড়েছেন বলে তারা অভিযোগ করেন।
এ সময় রেলের অনিয়ম দূর করাসহ ভর্তি পরীক্ষা চলাকালীন পর্যাপ্ত বগির ব্যবস্থা রাখার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তিন ইউনিটে কোটা ছাড়া মোট চার হাজার পাঁচটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ২৬৮টি। এ হিসাবে প্রতি আসনে লড়াই করবেন ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। শেষ দিন বুধবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।
এর আগে ২০ জুলাই রাজশাহী যাওয়ার টিকেট না পেয়ে রাজধানীর বিমানবন্দর স্টেশনে রেললাইন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। সাড়ে তিন ঘণ্টা পর কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে, সেই অবরোধ তুলে নেওয়া হয়।
আরও পড়ুন:
