কুড়িগ্রামের দুই উপজেলায় নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়
অওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি।
কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
চিলমারী উপজেলায় আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান (শাহীন)। রৌমারীতে ঘোড়া প্রতীক নিয়ে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইমান আলী।
বুধবার সকাল ৮টা থেকে এই দুই উপজেলার ১১৪টি কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিশৃঙ্খলা ছাড়াই ভোট শেষ হয় বিকাল ৪টায়।
ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব ফলাফল ঘোষণা করেন।
চিলমারী উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীসহ পাঁচজন এবং রৌমারী উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি।
চিলমারীর জয়ী প্রার্থী রুকুনুজ্জামান পেয়েছেন মোট ১৬ হাজার ২০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান আলী সরকার পেয়েছেন ১৪ হাজার ৩৬২ ভোট।
অন্যদিকে রৌমারীতে ঘোড়া প্রতীকে বিজয়ী প্রার্থী ইমান আলী পেয়েছেন ২২ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মজিবুর রহমান বঙ্গবাসী দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৫৯২ ভোট।
এ উপজেলায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের অবস্থান চতুর্থ; পেয়েছেন ৫ হাজার ৪১৪ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, “কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ও অভিযোগ ছাড়াই নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠভাবে হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”
চলতি বছরের ৪ জুলাই রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ও ২২ অগাস্ট চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলীর মৃত্যুতে পদ দুটি শূন্য হয়।
