২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিকদের সড়ক থেকে সরাল পুলিশ-র‌্যাব, ৩ ‘অবরোধকারী’ আটক

অবরোধের তৃতীয় দিনে গাজীপুর থেকে দূরপাল্লার গাড়ি চলছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 05:12 PM

Updated : 02 Nov 2023, 05:12 PM

বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবারও গাজীপুরের গার্মেন্ট শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করলে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও শ্রমিকরা জানায়, সকাল ১০টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কয়েকটি কারখানার শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। এতে এস এম নিটওয়্যার, হাই ফ্যাশন লিমিটেড, গোল্ডেন রিফিট, মণ্ডল নিটওয়্যার, সিলিকনসহ সাতটি কারখানার শ্রমিক ছিলেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়। পরে পুলিশ চলে গেলে তারা আবার সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। নতুন বাজারেও কিছু শ্রমিক বিক্ষোভ করে। 

এ সময় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধবিরোধী একটি মোটরসাইকেল মহড়া সেখানে যায়। নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা ছিল। তখন শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ির দিকে চলে যায়। তারা কোনো নাশকতা করেননি।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, “মানুষের জানমালের ক্ষতি হয়, চলাচলে বিঘ্ন ঘটায়, সরকারি সম্পদের ক্ষতি হয় এমন নাশকতাবিরোধী সব কাজ র‌্যাব মাঠে থেকে প্রতিহত করবে। সকালে শ্রমিক আন্দোলনের খবর পেয়ে র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা চলে যায়।”

এ ছাড়া নাশকতার অভিযোগে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে ‘বিএনপি-জামায়াত অনুসারী তিন পিকেটারকে’ গ্রেপ্তার করা হয়েছে বলে শিল্প পুলিশ-২, শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ জানান।

এদিকে অবরোধের তৃতীয় দিনে গাজীপুর থেকে দূরপাল্লার গাড়ি চলছে। সকাল থেকেই লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার গাড়ি চলতে শুরু করেছে।