২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্য ফিরেছে শীতের পিঠায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা বিক্রি করে অনেক দোকানি স্বাবলম্বী হয়েছেন; এক্ষেত্রে নারীদের ভূমিকাই বেশি।

হাসিবুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2022, 04:08 PM

Updated : 26 Dec 2022, 04:55 PM

ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পিঠার দোকানগুলোতে বেচাবিক্রির ধুম পড়েছে। নানা রকম পিঠা বিক্রি করে ভাগ্য পরিবর্তন করেছেন অনেকে।

ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছোটবড় মোট ১৮টি পিঠার দোকান বসে।শীতকালে বিকাল থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এসব দোকানে পিঠা বিক্রি চলে। এসব দোকানের মালিকরা বেশিরভাগই কাজ করছেন সপরিবারে।

চারদিকে কুয়াশা আর হিম হিম ঠাণ্ডায় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শীতকালে এমনিতেই সুন্দর। তার উপর চিতই, ভাপা, নারকেল পুলি, মাংস পুলি, মাশরুম চপ, ধনে চপ, মরিচ চপ, ফুলকপির চপ, কুমড়ো ফুলের চপ, পোয়া, পাটিসাপটা পিঠার স্বাদ নতুন মাত্রা যোগ করেছে।

ক্যাম্পাসের ভেতরে পিঠা বিক্রি করে অনেক দোকানি স্বাবলম্বী হয়েছেন। এক্ষেত্রে নারীদের ভূমিকাই বেশি। তাদেরই একজন মরিয়ম বেগম। তিনি ক্যাম্পাসের টিএসসি এলাকায় পিঠা বিক্রি করছেন ত্রিশ বছরেরও বেশি সময় ধরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মরিয়ম বলেন, এখন তার দুই নাতি আসিফ আর আলামিন তাকে পিঠা বিক্রিতে সাহায্য করে। আগে ছেলে সাহায্য করলেও এখন সে সিএনজি চালিত অটোরিকশা চালায়। শীতের পিঠা বিক্রি আর অন্য সময় বিভিন্ন কাজ করে ছেলেকে অটোরিকশা তিনিই কিনে দিয়েছেন।

মরিয়ম বেগমের নাতি আলামিন বলেন, “দাদি আমগোও একটা কাজের বিহিত কইরা দিব। দাদি কইছে, তারে আমরা যদি কাজে সাহায্য করি তাইলে আব্বার মতো আমগোও একটা ভবিষ্যৎ কইরা দিব।”

বটতলা এলাকার মওলানা ভাসানি হলের মোড়ে পিঠার দোকানদার নাজমা বেগম ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া গ্রামে ভাড়া থাকেন। গত ১২-১৪ বছর ধরে ক্যাম্পাসে মৌসুমি পিঠার দোকান চালাচ্ছেন তিনি।

নাজমা বলেন, তার দোকানে তার স্বামী-ছেলে সাহায্য করে। এছাড়াও দুইজন নারী কাজ করেন। প্রতিদিন ৫-৬ হাজার টাকার পিঠা বিক্রি হয়। অনেক সময় আরও বেশিও হয়। দেড় থেকে দুই হাজার টাকা লাভ থাকে নিয়মিত। যেই দুই জন নারী কাজ করে তাদের কাজের মজুরি দিয়েও দুই হাজার টাকা অবশিষ্ট থাকে।

“প্রতিমাসে বাসা ভাড়া, চিকিৎসার খরচ সবমিলিয়ে আমাদের ভালোই চলছে।”

শেখ হাসিনা হলের সামনে লাল মিয়ার দোকানে তাকে পিঠা তৈরি আর বিক্রিতে সাহায্য করেন ছেলে আর স্ত্রী।

এ দোকানি বলেন, “প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার পিঠা বিক্রি করি, কখনো চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেচাকেনা হয়। যা আসে খারাপ না, মোটামুটি চলে যায়। তবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় এবার লাভ কম হচ্ছে।”

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের সামনে আর বটতলা সংলগ্ন মওলানা ভাসানী হলের মোড়ের পিঠার দোকানে সবচেয়ে বেশি ভিড় হয়। পৌষের সন্ধ্যা নামতেই ক্যাম্পাসে পিঠার দোকানগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের ভিড় জমে যায়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ক্যাম্পাসে শীতকাল এমনিতেই অনেক সুন্দর, তার ওপর বাহারি পিঠা যেন নতুন মাত্রা যোগ করেছে।”

তবে পিঠা নিয়মিত খেলেও একটু অন্যরকম অনুভূতির কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জেবুন্নেছা পাঠান কল্যাণী।

তিনি বলেন, “পিঠা ভাজতে দোকানিরা অধিকাংশ সময় পুরনো তেল ব্যবহার করছে, রাস্তার ধুলোবালি সঙ্গে বোনাস হিসেবে আছেই। বাধ্য হয়ে আমাদের এসব পিঠা খেয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।”