শ্রীলঙ্কার কাছাকাছি চলে গেছে বাংলাদেশ: জি এম কাদের
“আমাদের মূল্যস্ফীতি হয়েছে, মানুষের আয় ইনকাম কমেছে, বেকারত্ব বেড়েছে, সেই সঙ্গে আমাদের রিজার্ভ কমেছে, ইমপোর্ট কমেছে।”
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি শ্রীলঙ্কার কাছাকাছি চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
সোমবার দুপুরে টাঙ্গাইলে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, “আমাদের মূল্যস্ফীতি হয়েছে, মানুষের আয় ইনকাম কমেছে, বেকারত্ব বেড়েছে, সেই সঙ্গে আমাদের রিজার্ভ কমেছে, ইমপোর্ট কমেছে।
“সবকিছু মিলে আমরা শ্রীলঙ্কার কাছাকাছি চলে গেছি। বরং শ্রীলঙ্কায় এখন অনেক পণ্য বাংলাদেশের চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে।”
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট-পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশটিতে রিজার্ভ সংকট ছিল। তারা তেল-কয়লা রপ্তানি করতে পারেনি; যার কারণে তাদের বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল। সেসময় তারা বিভিন্ন জরুরি পণ্য আমদানি করতে পারেনি। সাধারণ মানুষের আয় কমছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, বিরাট মূল্যস্ফীতি হয়েছিল। বাংলাদেশে এখন সেই পরিস্থিতি চলছে।”
তবে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের একটি পার্থক্য রয়েছে বলেও উল্লেখ করেন জি এম কাদের।
তিনি বলেন, “শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমেছিল। সেখানে বড় কোনো বিরোধী দল ছিল না, মানুষই স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল। আমাদের দেশের মানুষ এখনও রাস্তায় নামেনি, এটাই পার্থক্য।”
এ সময় যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গেও কথা বলেন তিনি।
জাতীয় পার্টির এই নেতা বলেন, “আমরা এ ভিসানীতিকে সমর্থন করি। সেখানে যা বলা হয়েছে তা জনগণের পক্ষে, বিপক্ষে নয়। যারা অবাধ সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের সে দেশে ঢুকতে দেওয়া হবে না। এখানে অখুশি হওয়ার মতো কিছু দেখি না, সরকারও এখানে অখুশি হননি।
“কারণ কেউ তো প্রকাশ্যে এটা বলে না যে তারা অবাধ সুষ্ঠু নির্বাচন চায় না।”
নির্বাচনকালীন সরকারের প্রস্তাব পাননি বলে এক প্রশ্নের জবাবে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি বলেন, “বর্তমান শাসন পদ্ধতি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে শতকরা ১০০ ভাগ শক্তি প্রধানমন্ত্রীর হাতে। সেখানে নির্বাচনকালীন মন্ত্রী বা সংসদে কে কতটি আসন পেল সেটি গুরুত্বপূর্ণ নয়। প্রধানমন্ত্রী যদি থাকেন তাহলে নির্বাচনকালীন সরকার হোক বা অন্যকিছু – সব সরকারই এক ধরনের হবে।”
তবে নির্বাচনকালীন সময় আসার আগে অনেক ঘটনা ঘটতে পারে বলে নিজের আশঙ্কার কথা জানান এই নেতা।
আগামী নির্বাচনে অংশ নিলে সেটি কীভাবে বা কোন কৌশলে হবে তা জানতে চাইলে তিনি বলেন, “দলীয় নেতাকর্মী ও জনগণের প্রত্যাশা ও নীতি-নির্ধারণী মহলের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব।”
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুস ছালাম চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, রেজাউল ইসলাম ভূইয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ঢাকা বিভাগের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকাসহ অন্যরা।
সম্মেলনে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
