রাজবাড়ীতে ঝুটবোঝাই ট্রাকে মিলল ৩০ হাজার ইয়াবা, চালকসহ গ্রেপ্তার ৩
ঢাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঝুটবোঝাই একটি ট্রাক তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় ট্রাক চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমাবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার শাহাদত মেম্বার পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন।
গ্রেপ্তারা হলেন- যশোরের বেনাপোল পোট থানার আমিন উদ্দিনের ছেলে রমজান আলী (৩৪), প্রয়াত কওসার আলীর ছেলে ট্রাক চালক আরমান হোসেন ইউনুস (৩০) এবং মো. মালেক মোড়লের ছেলে চালকের সহকারী আরিফ হোসেন (৩২)।
বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন পুলিশ সুপার মনির হোসেন বলেন, ঢাকা থেকে যশোরে ইয়াবার একটি বড় চালান যাচ্ছে, এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসায়।
এ সময় একটি ঝুটবোঝাই ট্রাক আটক করা হয়। পরে ট্রাকে চালকের পেছনে থাকা বক্স থেকে ১৫০টি জিপার ব্যাগে ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় চালকসহ তিনজনকে আটকের পাশাপাশি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মনির হোসেন বলেন, জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় মামলা দিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হক, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
