২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ছেলের জন্য খাবার নেওয়া হলো না ব্যবসায়ীর

পথে তার মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি ডাম্পট্রাক।

রাজবাড়ীতে ছেলের জন্য খাবার নেওয়া হলো না ব্যবসায়ীর

ট্রাক চাপায় ভেঙে যাওয়া মোটরসাইকেল।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 05:40 PM

Updated : 21 Dec 2022, 05:40 PM

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা ছেলের জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় এক লেপ তোষক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দুপুরে বালিয়াকান্দি-নারুয়া আঞ্চলিক সড়কের গঙ্গারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান।

নিহত আব্দুল মাজেদ মোল্লা বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খোয়াবাড়িয়া গ্রামের বাসিন্দা। ৫৫ বছর বয়সী মাজেদ নারুয়া বাজারে লেপ তোষকের ব্যবসা করতেন।

স্বজনদের বরাতে ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুল মাজেদের ছেলে মামুন বাবাকে ব্যবসায় সহযোগিতা করতো। বুধবার তার জন্য বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে মোটরসাইকেলে নারুয়া বাজারে যাচ্ছিলেন মাজেদ।

“পথে গঙ্গারামপুর এলাকায় পৌঁছালে একটি ডাম্পট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল মাজেদকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। সুরতহাল শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।