১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুরের খাবারের পর ঘুম ও ক্লান্তি দূর করার ৬ উপায়

রক্তে শর্করা নিয়ন্ত্রণ, কফি ন্যাপ, চুইংগাম এবং প্রাকৃতিক আলোর সাহায্যে বিকেলে কর্মশক্তি বাড়ানোর কৌশল জানুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 12:35 PM

Updated : 17 Nov 2026, 12:35 PM

পর্যাপ্ত ঘুম, সুষম খাবার এবং শরীর আর্দ্র রাখার পরও দুপুরের খাবারের ঠিক পরপরই অনেকের চোখে তীব্র ঘুম চলে আসে এবং কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

চিকিৎসাবিজ্ঞান বলছে, এর পেছনে শরীরের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ি বা ‘ইন্টারনাল ক্লক’ দায়ী, যার স্বাভাবিক নিয়মেই দুপুরের পর সতর্কতা কিছুটা কমে যায় এবং সন্ধ্যার দিকে আবার ফিরে আসে।

তবে বিকেলের এই অলস সময়টুকু ক্লান্তিতে কাটিয়ে না দিয়ে ছোট কিছু কৌশল কাজে লাগালে চনমনে ও সতেজ থাকা সম্ভব।

চিনিমুক্ত চুইংগাম চিবানো

আন্তর্জাতিক জার্নাল ‘ফিজিওলজি অ্যান্ড বিহেভিয়ার’-এ প্রকাশিত গবেষণার সূত্র ধরে, যুক্তরাষ্ট্রের টেলিহেলথ প্রতিষ্ঠান ‘মোচি হেলথ’-এর বোর্ড-প্রত্যয়িত ফ্যামিলি নার্স প্র্যাকটিশনার মার্থা সান্তিয়াগো বলেন, “চুইংগাম চিবালে হৃদস্পন্দন সামান্য বাড়ে এবং মস্তিস্কের সতর্কতা নিয়ন্ত্রণকারী অংশগুলো সক্রিয় হয়ে ওঠে। এটি সাময়িকভাবে কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করে।”

জীবনযাপন-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও উল্লেখ করেন, “তবে রক্তে শর্করার হঠাৎ উত্থান-পতন এড়াতে অবশ্যই চিনিমুক্ত চুইংগাম বেছে নেওয়া উচিত।”

চোখে-মুখে ঠান্ডা পানির ঝাপটা ও শীতল পরিবেশ
অতিরিক্ত ঘুম পেলে চোখে-মুখে ঠান্ডা পানির ঝাপটা দিলে মুখের স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়ে তাৎক্ষণিক সতেজতা ফিরিয়ে আনে। এছাড়া দীর্ঘক্ষণ সজাগ থাকতে ঘরের তাপমাত্রা কিছুটা শীতল রাখা ভালো, কারণ বদ্ধ ও গরম ঘর দ্রুত ক্লান্ত ও তন্দ্রাচ্ছন্ন করে তোলে।

প্রাকৃতিক আলোর সংস্পর্শে আসা

মার্থা সান্তিয়াগো জানান, ঘরের কৃত্রিম আলোর চেয়ে বাইরের প্রাকৃতিক আলো অনেক বেশি উজ্জ্বল, যা মস্তিস্ককে সজাগ থাকার শক্তিশালী সংকেত দেয়।

তাই দুপুরের পর জানালার পাশে বসে কাজ করলে বা কয়েক মিনিট প্রাকৃতিক আলোয় দাঁড়ালে শরীরের জৈবিক ঘড়ি ঠিক থাকে এবং রাতের ঘুমও ভালো হয়।

খাওয়ার পর হালকা হাঁটাচলা করা

‘স্পোর্টস মেডিসিন’-এ প্রকাশিত গবেষণার তথ্য অনুযায়ী, দুপুরের খাবারের পর দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে গিয়ে পরে ক্লান্তি তৈরি করে।

খাওয়ার পর মাত্র কয়েক মিনিট হাঁটলে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে, পেশিগুলো খাবারের গ্লুকোজ ব্যবহার করে ফেলে এবং রক্ত সঞ্চালন বেড়ে শরীর চনমনে হয়ে ওঠে।

পর্যাপ্ত পানি পান ও ‘কফি ন্যাপ’

সামান্য পানিশূন্যতাও ক্লান্তি, মাথাব্যথা এবং অমনোযোগিতার কারণ হতে পারে; অনেক সময় তৃষ্ণাকে ক্লান্তি ভেবে ভুল করা হয়। তাই কাজের জায়গায় সবসময় পানির বোতল রাখা জরুরি।

মার্থা বলেন, “এছাড়া দুপুর ২টার আগে এক কাপ কফি পান করে ১৫ থেকে ২০ মিনিটের একটি ছোট ঘুম বা ‘কফি ন্যাপ’ নিলে ঘুম ভাঙার পর মস্তিস্ক সতেজ হয়ে ওঠে, কারণ ঠিক সেই মুহূর্তেই ক্যাফিন কাজ শুরু করে।”

তবে বিকেলের শেষ দিকে কফি পান করলে রাতের ঘুম নষ্ট হতে পারে।

কাজের ধরন অনুযায়ী সংগীত শোনা

‘জার্নাল অব কালচারাল কগনিটিভ সায়েন্স’-এর গবেষণা অনুযায়ী, দ্রুত লয়ের সংগীত মেজাজ ও কর্মশক্তি বাড়াতে সাহায্য করে।

“তবে পড়া বা লেখার মতো গভীর মনোযোগের কাজের সময় কথার বদলে কেবল বাদ্যযন্ত্রের সুর শোনা উচিত এবং সাধারণ রুটিন কাজের সময় পছন্দসই গান শোনা যেতে পারে”, পরামর্শ দেন মার্থা সান্তিয়াগো।

পুরনো খবর:

প্রতিদিন ছোট ঘুম দেওয়ার অভ্যাস কি ভালো?
রাতে ঠিকমতো ঘুমিয়েছেন, তবু সারাদিন ঘুম ঘুম- কারণটা কী?
বেশি ঘুম মানেই বেশি বিশ্রাম নয়, বরং বিপদ