২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 04:00 PM

Updated : 23 Oct 2026, 04:00 PM

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক এসআইসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন।

নিহতরা হলেন- কালীগঞ্জ থানার এসআইসহ মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া এলাকার রফিক মোল্লা (৪৫)।

আহত দুজন হলেন- এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)। জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, রাত পৌনে ৩টার দিকে তুমুলিয়া এলাকার মাদক ব্যবসায়ী আহিদ মিয়াকে (৪৫) আটক করতে মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল তার বাড়িতে অভিযান চালায়। তাকে আটক করে থানায় ফেরার পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামানো হয়।

এ সময় সড়কের পাশে স্থানীয় বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন মিজানুর, জাবেদ ও চালক রাব্বি। তখন ঘোড়াশালমুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়।

পরে অন্য পুলিশ সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে মারা যান মিজানুর।

ওসি মো. জাকির হোসেন বলেন, জাবেদ ওমর চিকিৎসাধীন রয়েছেন। রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।