২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন অংশগ্রহণমূলক হবে: আইনমন্ত্রী

“কোনো দল আসবে কি আসবে না সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমার বিশ্বাস জনগণ ভোট দেবে”, বলেন আইনমন্ত্রী।

নির্বাচন অংশগ্রহণমূলক হবে: আইনমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে মাগুরায় নবনির্মিত ‘মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 07:17 PM

Updated : 12 Oct 2023, 07:17 PM

বিএনপি ও সমমনারা বর্জনের হুমকি দিলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে বিশ্বাস করেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে মাগুরায় নবনির্মিত ‘মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবিধান যেভাবে বলা আছে সেভাবেই নির্বাচন হবে জানিয়ে তিনি বলেছেন, “শেখ হাসিনার সরকার চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। কোনো দল আসবে কি আসবে না সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমার বিশ্বাস জনগণ ভোট দেবে এবং নির্বাচন অংশগ্রহণমূলক হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “বিএনপি ও জাতীয় পার্টির আমলে আইন ও বিচার বিভাগ পৃথকীকরণ হয়নি। এ কারণে তারা বিচার বিভাগকে যথেচ্ছভাবে ব্যবহার করেছে, একে কলুষিত করেছে। অন্যদিকে সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে।”

বিএনপি ও জাতীয় পার্টির সময় দেশে ‘লুটপাট হয়েছে’ মন্তব্য করে আনিসুল হক বলেন, “বর্তমান সরকারের সময়ে এমন কোনো খাত নেই যেখানে উন্নয়ন হয়নি। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, পদ্মা সেতুতে রেলসহ উন্নয়নের জন্য যা যা করা দরকার, তা করতে প্রধানমন্ত্রী কাপর্ণ্য করেননি।”

আইন সচিব গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারও।

Image

মাগুরায় নবনির্মিত ‘মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে’র উদ্বোধন করছেন আইনমন্ত্রী আনিসুল হক।

‘৬৪ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পে’র প্রধান সমন্বয়ক বিকাশ কুমার সাহা, মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, ডিসি আবু নাসের বেগ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুও এতে অংশ নেন।

৪৩ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে প্রায় দেড় একর জমির উপর নতুন আদালত ভবনটি নির্মিত হয়েছে। জেলা গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছে।

ভবনটি উদ্বোধন শেষে বিকেলে সদর উপজেলার কাটাখালি হাইস্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী।