মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডে
গ্রেপ্তার রেজাউল করিম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ।
গ্রেপ্তার রেজাউল করিম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় সূত্রাপুর থানায় মামলা হওয়ার পর সোমবার কনস্টেবল রেজাউলকে হাজির করা হয় আদালতে।
তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই সুমন কুমার চ্যাটার্জি আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে পাঠায়েছে বলে তথ্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ।
মামলায় বলা হয়, এসআরবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, সূত্রাপুর থানার বিসমিল্লাহ বিরিয়ানি ঘর নামে একটি দোকানের ভেতর এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে এসআরবি সেখানে অভিযান চালিয়ে ১৭৯০ পিস ইয়াবাসহ রেজাউলকে আটক করে। এ ঘটনায় সোমবার ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান সূত্রাপুর থানায় মামলা করেন।
শুনানি রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। রেজাউলের পক্ষে তার আইনজীবী শাহজালাল মুন্সী (সাকু) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এরপর আদালত রেজাউলের বক্তব্য শুনতে চান।
এ সময় কনস্টেবল রেজাউল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাছ থেকে ইয়াবা পাওয়া যায়নি। আমি দাঁড়িয়ে ছিলাম, ইয়াবা পায়ের কাছে পড়া ছিল।
পরে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।
