০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

তাহসিফের মৃত্যু: দীপের রিমান্ড শুনানিতে সাংবাদিকদের বের হতে বললেন বিচারক

শুনানিতে দীপের তিন দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 06:35 PM

Updated : 03 Nov 2026, 06:35 PM

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের রিমান্ড শুনানিতে সাংবাদিকদের থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারক। এ সময় বিচারক সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মঙ্গলবার দীপের রিমান্ড শুনানির আগ মুহূর্তে সাংবাদিকদের সেখানে থাকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত বলেন, “আদালতের মধ্যে সাংবাদিকরা কেন? আপনারা কি ভেতরে ঢুকতে পারেন? শুনানির পর পিপি এপিপিরা আপনাদের বিস্তারিত জানাবে। আপনারা বেরিয়ে যান। আপনারা থাকতে পারবেন না।”

এ সময় বিচারক পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “সব ক্লিয়ার করেন, কেউ থাকবে না ভিতরে।”

পরে সাংবাদিকরা এজলাসের পেছনে একপাশে গিয়ে দাঁড়ালে শুনানি শুরু হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য শুনে দীপের তিন দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।

সাংবাদিকদের আদালত থেকে বের করে দেওয়ার বিষয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও সাবেক জেলা জজ শাহজাহান সাজু বলেন, “এটা যেহেতু ক্যামেরা ট্রায়াল নয়, ওপেন ট্রায়াল। সেহেতু শুধু জার্নালিস্টরা নয়, পাবলিকরাও থাকতে পারবে। আর সাংবাদিকরা জাতির দর্পণ ও ন্যায়বিচারে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে। ওপেন ট্রায়ালে তারা থাকলে শুনানিতে কি হল, তা জাতিকে জানাতে পারেন। সুতরাং সাংবাদিকদের এজলাস থেকে বের হয়ে যাওয়ার কথা বলা ঠিক হয়নি।”

চার দিনের রিমান্ড শেষে এ দিন দীপকে আদালতে হাজির করে আট কারণ দেখিয়ে ফের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। রিমান্ডের পক্ষে কারণগুলো তুলে ধরেন ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন।

তাহসিফের মৃত্যু: দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার দিকে সন্দেহ রাষ্ট্রপক্ষের

তাহসিফের মৃত্যু: ফের ৩ দিনের রিমান্ডে দীপ