২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

একই মামলায় এর আগে গাজী নজরুলকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 04:33 PM

Updated : 24 Sep 2026, 04:33 PM

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যার প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আবার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ।

চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য নজরুলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। পরে আবার নজরুলের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি হবে বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।

এরইমধ্যে গাজী নজরুলকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। শুনানিকালে তাকে এজলাসে তোলা হবে বলে বলেছেন হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম।

সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গত ২০ সেপ্টেম্বর গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।

রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল, মাকছুদা ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুলকে ৪ দিন ও মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহারে মাসুম বিল্লাহ অভিযোগ করেছেন, গত জুনে তার শ্যালক ওবায়দুর রহমানের ‘প্রত্যক্ষ প্ররোচনায়’সংসদ সদস্য গাজী নজরুলের সঙ্গে মরিয়মের (১৯) বিয়ে হয়। সংসদ ভবনের বিপরীত পাশে ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় নজরুল ও মাকছুদার সঙ্গে থাকতেন মরিয়ম।

এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকছুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তার পরিবারকে বলে গেছেন।