০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিকদের ঢুকতে দেয়নি পুলিশ

কারণ জানতে চাইলে এক এসআই বলেন,"কোনো কথা বলব না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 05:20 PM

Updated : 03 Oct 2026, 05:20 PM

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আখতারুজ্জামান রঞ্জনের রিমান্ড শুনানিতে সাংবাদিকদের ঢুকতে দেয়নি পুলিশ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে শনিবার রিমান্ড শুনানি হয় সাবেক এ সংসদ সদস্যের।

সেখানে প্রবেশ করতে গেলে সাংবাদিকদের আটকে দেন পুলিশ সদস্যরা। কারণ জানতে চাইলে এক এসআই বলেন,"কোনো কথা বলব না।"

এ বিষয়ে কথা বলতে ডিএমপির প্রসিকিউশন পুলিশের ডিসি মহীউদ্দিন মাহমুদ সোহেলকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

এ ঘটনার জন্য রাষ্ট্রপক্ষের সমালোচনা করেছেন আসামির আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, আখতারুজ্জামানের ইচ্ছাতেই সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে তাকে বিমানবন্দর থানায় নেওয়া হয়।

শনিবার বেলা পৌনে ১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। পরে তাকে তোলা হয় ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৮ম তলায় অবস্থিত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে।

আখতারুজ্জামানকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য।

এদিকে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হবে জেনে অর্ধশতাধিক সাংবাদিক আদালতে আসেন। তবে আদালতের নিচ থেকেই পুলিশ সদস্যরা সাংবাদিকদের প্রবেশে বাধা দেন। পরে সেখান থেকে উঠতে পারলেও আদালতের প্রবেশ পথে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাংবাদিকদের আটকে দেন।

এর মাঝেই আখতারুজ্জামানের রিমান্ড বিষয়ে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আখতারুজ্জামানের আইনজীবী আব্দুর রাজ্জাকসহ কয়েকজন রিমান্ড বাতিল করে জামিন চান। আদালতের অনুমতি নিয়ে কথা বলেন আখতারুজ্জামানও। শুনানি নিয়ে আদালত তার এক দিনের রিমান্ডের আদেশ দেয়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাস থেকে নামানো হয়।

এজলাস থেকে বের স্টার নিউজের সাংবাদিক তসলিম হোসেন রনি বলেন,"আক্তারুজ্জামানকে আদালতে হাজির করার আগেই সাড়ে ১২ টায় আদালতে আসি। আমি এজলাসে অবস্থান করি। আক্তারুজ্জামানকে পৌনে ১ টার দিকে এজলাসে তোলা হয়। তখন ডিসি মহীউদ্দিন মাহমুদ সোহেল এসে বলেন, আপনাকে বাইরে যেতে হবে। আদালতের ভেতরে থাকতে পারবেন না। কারণ জানতে চাইলে বলেন, এটা আদালতের আদেশ।"

সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার বিষয়ে আখতারুজ্জামানের আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন,"এটা আমি মনে করি নিন্দনীয়। কিছু গোপন করার জন্য সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা কিনা, সেটাও আমি জানি না। আগামীতে যেন এভাবে না হয় সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।"

প্রসিকিউশন এবং পিপির আদালতে আগে আসার সমালোচনা করে তিনি বলেন,"কেন তারা আদালতে আগে আসেন, এটা আমার বোধগম্য নয়।”

শুনানিতে আখতারুজ্জামান সুন্দর বক্তব্য দিয়েছেন বলে তার আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, সাংবাদিকরা ওখানে থাকলে ভালো হতো।"

তবে এ ব্যাপারে ভিন্ন কথা বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, "সাংবাদিকদের আদালতে ঢুকতে দেওয়ার ব্যাপারে ডিসি প্রসিকিউশন কোনো বাঁধা দেয়নি।"

“আমি সেখানে উপস্থিত ছিলাম। শুনানিতে আসামির যে মারমুখী অবস্থান। প্রসিকিউশন, বিচারক ও পুলিশের উপরে তার যে মারমুখী অবস্থা ছিল এবং তিনি নিজেই বলছেন যে আইনজীবী ছাড়া যেন কেউ আদালতে না থাকে। মূলত তার এ বক্তব্যের ওপর নির্ভর করেই বিচারক সবাইকে বের হতে বলেন।"

বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চ-বাচ্যের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

তাতে দেখা দেখা যায়, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বিমানবন্দরের ইউডি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে উদ্দেশ করে বলছেন, “ঘাড় ধরে বের করে দেব, ঘাড় ধরে বের করে দেব। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মাইর খাইতে চান?”

এ ঘটনায় শুক্রবার ভোরে বিমানবন্দর থানায় মামলা করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব।

গত বছরের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীর রাজনীতিতে নাম লেখান আখতারুজ্জামান। সেদিন ‘প্রাথমিক সহযোগী সদস্যের’ ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি।

আখতারুজ্জামান বিএনপি থেকে কিশোরগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন, যিনি স্থানীয়ভাবে মেজর রঞ্জন নামে পরিচিত। দলের সর্বোচ্চ নেতৃত্ব নিয়ে বিরূপ মন্তব্য করায় তাকে তিন দফা বহিষ্কার করে বিএনপি।

আরও পড়ুন:

শাহজালালের ইডিকে হুমকি: আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড

জামায়াতের আখতারুজ্জামানকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা

জমজমের পানি দিতে দেরি, বিমানের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে মামলা

আখতারুজ্জামান রঞ্জনের মামলার প্রতিবেদন দিতে হবে ১০ নভেম্বরের মধ্যে

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার