আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: হাতেনাতে গ্রেপ্তার দুজন ৫ দিনের রিমান্ডে
গত ৯ নভেম্বর বিকালে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক মো. ফয়সাল এবং সুকুমার হালদার।
গত ৯ নভেম্বর বিকাল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুইজনকে ধরে পুলিশে দেয় জনতা।
সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওইদিন তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
গেল ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই অনুপম দাস তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখে সোমবার।
এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।
প্রসিকিউটর হারুন-অর-রশীদ বলেন, “রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরি। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।”
এ মামলায় শনিবার ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫/৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে।
এ সময় ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় ২ জনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
