১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: স্বেচ্ছাসেবক লীগের ফারুক কারাগারে

রাজধানীর সূত্রাপুর থানার নবদ্বীপ বসাক লেনের ভাড়া বাসা থেকে গত শুক্রবার রাতে ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 06:54 PM

Updated : 14 Nov 2026, 06:54 PM

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন বলে তথ্য দিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ওবায়দুল ইসলাম।

রাজধানীর সূত্রাপুর থানার নবদ্বীপ বসাক লেনের ভাড়া বাসা থেকে গত শুক্রবার রাত আড়াইটার দিকে ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাকে সন্ত্রাসবিরোধীসহ বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই অনুপম দাস। আসামির পক্ষে তার আইনজীবী ওবায়দুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে ফারুককে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার বিবরণে বলা হয়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫/৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। এ সময় ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান ১০ নভেম্বর মামলা করেন।