টাঙ্গাইলে যুবদল নেতা হত্যা: ২ দিনের রিমান্ডে চেয়ারম্যান
তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক দুদিনের আবেদন মঞ্জুর করেন।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্থানীয় যুবদল নেতা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে পেয়েছে সিআইডি।
সোমবার দুপুরে টাঙ্গাইলের বিচারিক হাকিম ফারজানা হাসনাত এ রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের পরিদর্শক তানভীর আহমেদ জানান।
আসামি হেকমত সিকদার উপজেলার সাগরদীঘি ইউনিয়নের চেয়ারম্যান।
তানভীর বলেন, সকালে টাঙ্গাইল কারাগার থেকে হেকমতকে আদালতে আনা হয়। রিমান্ড মঞ্জুরের পর তাকে কারাগারে পাঠানো হয়। সিআইডির সদস্যরা তাকে কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেবে।
এর আগে রোববার দুপুরে টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সিআইডির একটি দল হেকমতকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
টাঙ্গাইল সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান আকন্দ জানান, হেকমত সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৯ মার্চ ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আগের রাতে একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
এতে ওই ইউপির যুবদলের সহসভাপতি মালেক মিয়া নিহত হন। এরপর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়।
সেদিন নিহত মালেক মিয়ার পরিবারের দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে আসামি করা হয়।
একাধিক সংস্থার তদন্তের পর সিআইডি মামলটির দায়িত্ব পায়।
