কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ
অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থীর পক্ষের লোক হিসেবে পরিচিত দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
কুমিল্লা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
আসনটি থেকে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের অভিযোগ, নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নেতাকর্মীরা এ কাজ করছেন।
শনিবার বিকালে দেবিদ্বার পৌরসভার ফুলগাছতলা এলাকায় তার প্রধান নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন কালাম আজাদ।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী রাজী মোহাম্মদের পক্ষের লোক হিসেবে পরিচিত দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী।
সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের প্রার্থী বলেন, “নৌকার প্রার্থী রাজী ফখরুলের লোকজন আমার ছবি, নাম, দলীয় পদবি ব্যবহার করে একটি ভুয়া লিফলেট ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে লেখা, আমি নাকি নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে ভোট থেকে সরে দাঁড়িয়েছি! আমাকে নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাপ প্রয়োগ করেছেন! যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা।”
তিনি আরও বলেন, “আমি কখনও নির্বাচন থেকে সরে দাঁড়াইনি। নির্বাচন কমিশন আমাকে আশ্বাস দিয়েছে, দেবিদ্বারে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “নৌকার প্রার্থী রাজী ফখরুলের সহযোগী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানী আমার কয়েকজন নেতাকর্মীকে আটকে রেখেছেন। গুনাইঘর, ফতেহাবাদ ও জাফরবাদ এলাকায় এমপির বাহিনী আমার কয়েকজন নেতাকর্মীকে বেদম মারধর করেছে। আমি নির্বাচনের দিন ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করছি।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কালাম আজাদ বলেন, “আমি প্রতিটি ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনি অপরাধ অনুসন্ধান কমিটি ও থানায় লিখিত অভিযোগ করি। তারপরও কোনো সুরাহা পাচ্ছি না। আমার নেতাকর্মীরা আতঙ্কের মধ্যে আছেন। পুলিশকে বারবার জানালে তারা সেখানে যাচ্ছেন কিন্তু কোনো ব্যবস্থা বা গ্রেপ্তার করছে না।”
সংবাদ সম্মেলনে আরও ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. লুৎফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান।
এদিকে, আবুল কালাম আজাদের অভিযোগ প্রসঙ্গে জানতে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
তবে রাজীর পক্ষের লোক হিসেবে পরিচিত দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী বলেন, “আবুল কালাম আজাদের এসব অভিযোগ মিথ্যা। কোনো লিফলেট আমাদের লোকজন ছড়ায়নি। এগুলো ভুয়া কথা।”
তিনি আরও বলেন, “আমাদের বিরুদ্ধে আবুল কালাম আজাদ যে অভিযোগ দিয়েছেন, তা-ও ভুয়া। আমাদের এলাকার ছেলেরা তার লোকদের আটকে রাখলে আমি গিয়ে ছাড়িয়ে দিই। আমার বয়স হয়েছে, এসব বিষয়ে আমি কীভাবে দায়ী?”
