নাটোরে সড়কের পাশে মিলল একজনের লাশ
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নাটোরের লালপুর উপজেলায় সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার আড়বাব পূর্ব পাড়ার বজলুর রহমানের বাড়ির পাশের সড়কে লাশটি পাওয়া যায় বলে লালপুর থানার ওসি, মো. নাছিম আহমেদ জানান।
নিহত লাবলু হোসেন (৪৫) রাজশাহীর বাঘা উপজেলার দিঘা এলাকার হজরত আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি নাছিম বলেন, সকালে সড়কের পাশে একজনের মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
“মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে হত্যার তেমন কোনো আলামতও আমরা পাইনি। স্বাভাবিকভাবে একজনের মৃত্যু হলে নাক দিয়ে রক্ত বের হতে পারে।”
ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান পুলিশ এই কর্মকর্তা।
