নরসিংদীতে নদীতে গোসলে নেমে দুই সহোদরের মৃত্যু
প্রত্যক্ষদর্শী অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করতে নদীতে নামে।
নরসিংদীর শিবপুর উপজেলায় হাড়িধোয়া নদীতে গোসলে নেমে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবপুর থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান।
নিহতরা হলো- ওই গ্রামের ফরিদ আহমেদের ছেলে মাহাদী হাসান (১২) এবং মিশাল হাসান (৮)।
পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরে দুই ভাই একসঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় তারা একপর্যায়ে তলিয়ে যায়।
তখন প্রত্যক্ষদর্শী অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করতে নদীতে নামে। কিছুক্ষণ পর দুই ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শোকে পাথর নিহত দুই শিশুর মা মাহমুদা বেগম বলেন, “আমার বাচ্চারা কোনোদিন নদীতে গোসলে যায় না। আজ হঠাৎ নদীতে নেমে পানিতে ডুবে জীবনের জন্য বিদায় নিলো। আমি মেনে নিতে পারছি না।”
পুটিয়া ইউপি সদস্য রোমান পাঠান বলেন, “গোসল করতে গিয়ে ফরিদ আহমেদের দুই ছেলে পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
শিবপুর থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, “বিষয়টি আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে বা অন্য কেউ অবহিত করেনি।”
